ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ও ল্যাপটপ ছিনতাই
![]() |
| ছিনতাই | প্রতীকী ছবি |
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে উড়ালসড়কে এক প্রবাসীর গাড়ি আটকিয়ে স্বর্ণালংকার, ল্যাপটপ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ সোহেল ও রবি চৌধুরী।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি ও হাটহাজারী থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, ১৪ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রবাসী শফিউল আলম। একটি ভাড়া করা গাড়িতে করে বিমানবন্দর থেকে নগরের বায়েজিদ বোস্তামীর বাসার উদ্দেশ্যে উড়ালসড়ক দিয়ে রওনা হন তিনি। তাঁকে বহনকারী গাড়িটি উড়ালসড়কের টাইগার পাস এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে একটি নোহা গাড়ি তাঁদের পথ আটকায়।
নোহা গাড়ি থেকে চারজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তাঁদের হাতে ওয়াকিটকি ছিল। তাঁরা প্রবাসী শফিউল আলমের কাছ থেকে হাতের বালা, গলার হার ও আংটিসহ প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার, দুটি মুঠোফোন ও ল্যাপটপ নিয়ে যান। এই ঘটনায় প্রবাসী শফিউল আলম বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ শরীফুল ইসলাম শুক্রবার দুপুরে জানান, থানায় মামলা হওয়ার পর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। নগরের কাজীর দেউড়ি থেকে চক্রের প্রধান সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে স্বর্ণ বিক্রির আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীতে অভিযান চালিয়ে রবি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিক্রি করা ৭০ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীদের কাছ থেকে ছিনতাই করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাইয়ের তিনটি মামলা রয়েছে।

Comments
Comments