চট্টগ্রামে কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুর-তেলাপোকা, ৩ লাখ টাকা জরিমানা
![]() |
| চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় কাচ্চি ডাইন রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল খাবার। আজ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
স্যাঁতসেঁতে রান্নাঘরে তেলাপোকার বিচরণ। এমনকি যেখানে রান্নার কাঁচামাল রাখা হয়, সেখানেও অবাধে ঘোরাফেরা করছে ইঁদুর। এমন চরম অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছিল কাচ্চি ও বিরিয়ানিসহ নানা পদের খাবার। বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় অবস্থিত ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁয় এই চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চকবাজার এলাকায় কাচ্চি ডাইনের শাখায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক। অভিযানে চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামসহ চকবাজার থানা-পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, রেস্তোরাঁটির রান্নাঘর ও কাঁচামাল রাখার ঘরে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ এবং মেঝে স্যাঁতসেঁতে থাকাসহ নানা অসংগতি পাওয়া গেছে। এসব কারণে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে সকালে শহরের চাক্তাই এলাকায় র্যাব-৭, বিএসটিআই এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালায়। বিভিন্ন খাদ্যপণ্য তৈরির কারখানায় পরিচালিত এই অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

Comments
Comments