[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নোয়াখালীতে তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা, স্লোগান

প্রকাশঃ
অ+ অ-
ব্যানার হাতে নিয়ে ছাত্রলীগের নেতা–কর্মীদের স্লোগান। আজ সকালে নোয়াখালীর মাইজদীর টাউন হল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে | ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রায় ১৭ মাস ধরে তালাবদ্ধ থাকার পর নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার সকাল সাতটার দিকে ৩০-৩৫ জন নেতা-কর্মী কার্যালয়ে ঢুকে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে একটি ব্যানার টাঙিয়ে তাঁরা দ্রুত সরে পড়েন।

নোয়াখালী শহরের টাউন হল মোড়ে জেলা আওয়ামী লীগের এই কার্যালয়টি অবস্থিত। কার্যালয় খোলার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত সেখানে পৌঁছায়। এ সময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। পাশে পুলিশের একটি গাড়িতে আটক পাঁচজনকে রাখা হয়েছে। আশপাশের দোকানদারসহ উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন।

এদিকে তালা ভেঙে কার্যালয়ে ঢোকা ও স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়’ লেখা একটি ব্যানার হাতে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। তাঁদের সঙ্গে একজন বয়স্ক ব্যক্তিকেও দেখা গেছে। ব্যানারটি টাঙানোর পরপরই সবাই সেখান থেকে চলে যান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ভোরে দলীয় কার্যালয়ের তালা ভেঙেছেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। জড়িত বাকি ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার জেরে জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সে সময় কার্যালয়টিতে আগুনও দেওয়া হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যালয়টির প্রধান ফটকে তালা ঝুলছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন