[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফেনীতে ভোটের আগের রাতে কেন্দ্রে প্রবেশ, ১৩ ব্যক্তির জরিমানা

প্রকাশঃ
অ+ অ-
জরিমানা প্রতীকী ছবি

ফেনীতে ভোটের আগের রাতে কেন্দ্রে প্রবেশের দায়ে ১৩ ব্যক্তিকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে ফেনী-১ আসনের ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আটকের পর তাঁদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা। তিনি জানান, কেন্দ্রে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা উপেক্ষা করে এসব ব্যক্তি জোরপূর্বক কেন্দ্রে ঢুকে পড়েছিলেন। তাই তাঁদের আটকের পর জরিমানা করা হয়েছে। এর বাইরে আরও তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া তিনটি উপজেলা (দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন) নিয়ে গঠিত এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী—বিএনপির প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম ওরফে মজনু (ধানের শীষ), জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এস এম কামাল উদ্দিন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির ফেনী জেলা সভাপতি মোতাহের হোসেন চৌধুরী (লাঙ্গল-জি এম কাদের), ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঞা (বটগাছ), বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী (ডাব) ও বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার (হারিকেন)।

ফেনী-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬৫২ জন। এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৭৫৯ পুরুষ, ১ লাখ ৮৬ হাজার ৮৯০ জন নারী। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন তিনজন। তাঁদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন ১১ হাজার ২২১ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১২১টি৷ ভোটকক্ষের সংখ্যা ৭২৫।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন