আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল
![]() |
| রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে বিষয়টি সামনে এসেছে, সেটিকে আইনগতভাবে দেখা হবে।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সাংবাদিকেরা প্রশ্ন করেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে—এ বিষয়ে সরকারের অবস্থান কী? উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটি আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই সব জায়গায় বিষয়টিকে সেভাবেই দেখা হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা এই কার্যালয়ে গেলেন। সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে নেতা-কর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, নয়াপল্টনের এই কার্যালয় থেকে বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়েছে; যার নেতৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি আরও বলেন, এই কার্যালয় থেকে দেওয়া কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত করেছিল।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘সরকারি কিছু নিয়মকানুন ও প্রথা আছে। কোনোটির মেয়াদ আছে, আবার কোনোটির মেয়াদ শেষ হয়ে গেছে। সব বিষয় গুছিয়ে নিয়ে সরকারের পক্ষ থেকে সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। তবে এই নির্বাচনকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে।’
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি কাদের মনোনয়ন দেবে, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘যাঁদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে এবং রাজনীতি ও দলের সঙ্গে যুক্ত আছেন, তাঁদেরই মনোনয়ন দেওয়া হবে। আমাদের দলের পক্ষ থেকে যাঁরা দলের কাজে সক্রিয়, তাঁরাই প্রাধান্য পাবেন।’

Comments
Comments