বাংলাদেশ থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব
![]() |
| ফাইল ছবি |
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। গালফ নিউজের বরাতে এই তথ্য জানা গেছে। এ ছাড়া আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে পণ্য আমদানিতে আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি বিষয়ক নিয়মিত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে এবং এটি নিয়মিত পর্যালোচনা করা হবে। মূলত উচ্চমাত্রার বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ঠেকানোই এই সিদ্ধান্তের মূল কারণ। তালিকায় থাকা দেশগুলোর মধ্যে কয়েকটির ওপর ২০০৪ সাল থেকেই নিষেধাজ্ঞা ছিল, বাকি দেশগুলোকে নতুন করে ঝুঁকির তালিকায় আনা হয়েছে।
বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য দেশগুলো হলো—ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, জাপান, যুক্তরাজ্য, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, নেপাল, ভিয়েতনাম, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, মিশর, তুরস্ক ও জর্দানসহ আরও কয়েকটি দেশ।
তবে প্রক্রিয়াজাত করা মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। শর্ত হিসেবে বলা হয়েছে, এসব পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি সনদ থাকতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের ভাইরাস পুরোপুরি নির্মূল করা হয়েছে। এ ছাড়া পণ্যগুলো সংশ্লিষ্ট দেশের অনুমোদিত কারখানা থেকে উৎপাদিত হতে হবে।
উল্লেখ্য, সৌদি আরব প্রতিবছর প্রায় ১০ কোটি ডলারের ডিম আমদানি করে থাকে। এর বড় অংশ আসে ওমান, নেদারল্যান্ডস, তুরস্ক ও পাকিস্তান থেকে। অন্যদিকে, দেশটিতে মুরগির মাংসের চাহিদার ৭০ শতাংশ নিজস্ব উৎপাদন থেকে মেটানো হয় এবং বাকি অংশ মূলত ব্রাজিল থেকে আমদানি করা হয়।

Comments
Comments