সকালেই বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর
![]() |
| দায়িত্ব পাওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে আসেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন |
সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে এসে পৌঁছেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
নিয়োগ পাওয়ার পর কর্মদিবসের শুরুতেই কাজে যোগ দিলেন মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।’
জানা গেছে, নতুন গভর্নর দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নির্বাহী পরিচালকদের সঙ্গে সভা করার কথা রয়েছে তাঁর। দুপুর দেড়টায় তিনি সচিবালয়ে যাবেন।
এর আগে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। তিনি একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো।
মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টার দিকে গুলশানের বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বের হন মো. মোস্তাকুর রহমান।
নতুন গভর্নরের বাসভবনের এক কর্মকর্তা জানান, তিনি সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বাসা থেকে বের হয়েছেন।

Comments
Comments