[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-
মিজানুর রহমান সাগর | ছবি: সংগৃহীত

বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমানকে (সাগর) গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার পর দল থেকে মিজানুর রহমানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালীমন্দির এলাকা থেকে সদর থানা-পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, মিজানুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মিজানুর রহমানের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন এনসিপির বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান। তবে তিনি দাবি করেন, চাঁদাবাজি নয়, বরং ব্যবসায়িক লেনদেনের জেরে টাকাপয়সা নিয়ে দ্বন্দ্বের একটি মামলায় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আগস্টে রুবেল প্রামাণিক নামের এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মিজানুর রহমানসহ চার-পাঁচজন। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁর বিকাশ হিসাব থেকে ২৮ হাজার ৩০০ টাকা ও নগদ হিসাব থেকে ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালীমন্দিরের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনসিপি থেকে অব্যাহতি
এদিকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া মিজানুর রহমানকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি। শনিবার রাত আটটার দিকে দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে এনসিপির বগুড়া জেলা শাখা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগ আসায় এবং এই বিষয়ে সংগঠনের কাউকে না জানিয়ে তথ্য গোপনের দায়ে এনসিপির জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাঁকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিতভাবে জানানোর জন্য মিজানুর রহমানকে নোটিশ পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন