[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

প্রকাশঃ
অ+ অ-

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে স্লোগান দিচ্ছেন যুব মহিলা লীগের নেত্রীরা | ছবি: পদ্মা ট্রিবিউন    

আক্রান্ত হওয়ার দীর্ঘ সময় পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের একদল নেত্রী। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের ১০-১২ জন নেতা-কর্মীকে ধানমন্ডির ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে দেখা যায়।

২০০২ সাল থেকে এই ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তিন তলা এই ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য আলাদা কক্ষ ছিল। দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র ‘উত্তরণ’-এর অফিস। এ ছাড়া তৃতীয় তলায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত।

জানা গেছে, ভবনটি প্রথমে ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটি দলের নামে কিনে নেওয়া হয়। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে পাশের দুটি চার তলা ভবন কিনে কার্যালয়টি বড় করা হয়। তখন ওই দুটি ভবন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টিজের নামে কেনা হয়েছিল। সেখানে দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর নেতা ও উপকমিটির সদস্যরা বসতেন। একটি কক্ষে আওয়ামী লীগের বিভিন্ন প্রকাশনা বিক্রির ব্যবস্থাও ছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনসহ ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা হয়। কার্যালয়ের তিনটি ভবনেই ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এরপর প্রায় ছয় মাস ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। স্থানীয় কিছু লোক ভবনটি পাহারা দিলেও আওয়ামী লীগের কেউ সেখানে গেলে তাঁদের হেনস্তা করে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর দাবিতে গত বছর মে মাসে আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। সেই অনুযায়ী যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ।

সেই নিষেধাজ্ঞা ভেঙে শুক্রবার সকালে ১০-১২ জন নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত হন। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তাঁরা দ্রুত চলে যান।

এই বিষয়ে জানতে চাইলে সংগঠনটির একজন নেত্রী বলেন, আজ আমরা কিছুটা ঝুঁকি নিয়েই সেখানে গিয়েছি। ধানমন্ডির এই অফিস আবারও নেতা-কর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন