ভোটের দিন দেশের কোথায় কেমন থাকবে আবহাওয়া?
![]() |
| আবহাওয়া অধিদপ্তর | ছবি: পদ্মা ট্রিবিউন |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিন কোন বিভাগে তাপমাত্রা কেমন হতে পারে, সেই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি হতে পারে। তবে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।
চলতি মাসের শুরু থেকেই আবহাওয়া মোটামুটি শুষ্ক রয়েছে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি নেই। এ মাসে এখন পর্যন্ত শৈত্যপ্রবাহ হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দু-একদিন শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনাও নেই।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোটের দিন ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওই দিন রাজধানীতে কুয়াশা থাকার সম্ভাবনা নেই। তবে বিভাগের নদী অববাহিকা এলাকায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে, যা বেশিক্ষণ স্থায়ী হবে না। অনুভূত তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
পুরো বিভাগেই রোদ থাকতে পারে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তিন বিভাগের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। এই বিভাগে সকালে কুয়াশা থাকলেও পরে তা কমে যেতে পারে।
ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ বিভাগের নদী তীরবর্তী এলাকায় কুয়াশা থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের জেলাগুলোয় শীতের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হতে পারে। এ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। এই বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এখানেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে কুয়াশা থাকলেও পরে তা কেটে যাবে।
বরিশাল বিভাগ ও খুলনার দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ভোটের দিনের জন্য যে তাপমাত্রার কথা বলা হচ্ছে, তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমবেশি হতে পারে। যে বাতাস থাকবে তা হবে সহনীয়। শীতের তীব্রতা খুব বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, ভোটের দিন আবহাওয়া বেশ সহনীয় থাকতে পারে। শীতের আমেজ থাকলেও তা আরামদায়ক হবে। রোদ থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে আবহাওয়া চমৎকার থাকবে।

Comments
Comments