[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুড়িগ্রামে সিসিটিভিতে ‘রোবট’ দেখা যাওয়ার রহস্য ফাঁস করল বিজিবি!

প্রকাশঃ
অ+ অ-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ‘রোবট’ সদৃশ্য বস্তু দেখা যায় | ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ‘রোবট’ এর মতো একটি বস্তু দেখা যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, এটি কোনো রোবট নয়, বরং আলো লাগানো একটি বাইসাইকেল।

ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে। ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে এই বাজারের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় গত মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে ভিডিওটি ধরা পড়ে।

ওই দোকানের মালিক নূর মোহাম্মদ পশুরামেরকুটি গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। দোকানের নিরাপত্তার জন্য তিনি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন বলে জানান।

ভিডিওতে দেখা যায়, আলো জ্বালানো একটি বস্তু দ্রুতগতিতে চলছে। এটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়। শুরু হয় নানা জল্পনা–কল্পনা। অনেকে মনে করেন, এটি চার পায়ে চলা রোবট। কেউ কেউ দাবি করেন, এটি লাফিয়ে চলছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে ক্যামেরার আড়ালে চলে যায়। পরে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ঘটনাস্থলের পাশ দিয়ে যেতে ও ফিরে আসতে দেখা যায়।

মিলনী বাজার কমিটির সভাপতি শুকুর আলী বলেন, ‘এখানে বিদেশি কোনো রোবট আসার সম্ভাবনা নেই। বিষয়টি নিয়ে তদন্ত হওয়া দরকার ছিল।’

ঘটনার পর বুধবার সকালে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড যাচাই করে দেখা গেছে, একটি সোজা হাতলযুক্ত বাইসাইকেলের দুই চাকায় ছোট বাতি এবং সামনে একটি বড় বাতি লাগানো ছিল। আরোহী ব্যক্তি সামনের দিকে ঝুঁকে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ক্যামেরার মান ভালো না হওয়ায় ভিডিওটি অস্পষ্ট ছিল এবং সেটি দেখে রোবট বলে মনে হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিডিওটি কাটছাঁট বা পরিবর্তন করা হতে পারে এবং তা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্তের জন্য সিসিটিভি ক্যামেরা ও মেমোরি কার্ড পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ফরেনসিক পরীক্ষা করা হবে।

কুড়িগ্রাম ২২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, প্রাথমিকভাবে এটি একটি বাইসাইকেল বলেই মনে হয়েছে। এখানে রোবট আসার কোনো সম্ভাবনা নেই। এ ঘটনায় আরও পর্যবেক্ষণ চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন