নির্বাচনী ঐক্য না হওয়ায় সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী
![]() |
| সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ। আজ রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলায় খেলাফত মজলিসের দলীয় কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলার দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ বলেন, ‘শুরু থেকেই জোটের প্রার্থী নিয়ে জটিলতা ছিল। একাধিকবার চেষ্টা করেছি একজন প্রার্থী চূড়ান্ত করার, কিন্তু তা সম্ভব হয়নি। এখন আর সেটি করা সম্ভব নয়। তাই আমরা দলীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তবে তিনি বলেন, তার দল এখানে কাউকে সমর্থন দিচ্ছে না।
সুনামগঞ্জ-৩ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী নিয়ে শুরু থেকেই টানাপোড়েন চলছিল। মনোনয়ন প্রত্যাহারের আগে জোটের অন্যান্য প্রার্থীরা শর্ত দিয়েছিলেন, এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী থাকতে পারবেন না। সেই শর্ত মেনে জামায়াতের প্রার্থী মো. ইয়াসীন খান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে জামায়াত প্রার্থী সরে গেলেও তাঁরা কাউকে সমর্থন করেননি।
শেখ মুশতাক আহমদের সরে যাওয়ার পর সুনামগঞ্জ-৩ আসনে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন: বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, খেলাফত মজলিসের প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান এবং হুসাইন আহমেদ।

Comments
Comments