[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না: ভূমিমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহীতে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। আজ শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে | ছবি: পদ্মা ট্রিবিউন  

ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনু) ভূমি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করতে হবে। জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিজানুর রহমান এসব কথা বলেন।

প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনে কোনো অবহেলা সহ্য করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। আমি রাজশাহীর সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বড়কর্তা নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত—সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন অমান্য করে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে মিজানুর রহমান বলেন, বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক (মিলন), রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন (বুলবুল)।

সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতবিনিময় সভাটি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন