[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
মিলন রহমান | ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় তারাবির নামাজ শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের দাবি, মিলন ছাত্রদলের কর্মী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ফুটবল খেলা নিয়ে বীরপলি গ্রামের শামিম নামে এক যুবকের সঙ্গে বুড়ইল গ্রামের নবীর শেখের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার শামিম তাঁর শ্বশুরবাড়ি বুড়ইল গ্রামে আসার পথে নবীর শেখ তাঁকে মারধর করেন। এই ঘটনার প্রতিশোধ নিতে শামিম ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে রাতে বুড়ইল গ্রামে গিয়ে নবীরকে খুঁজতে থাকেন।

নবীরকে না পেয়ে তাঁর পক্ষের মিলন রহমানকে সামনে পেয়ে যান তাঁরা। মিলন তখন তারাবির নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় শামিম ও তাঁর বাবা শাহীনসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় এসে মিলনের ওপর অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘নিহত মিলন আমার প্রতিবেশী। মাসখানেক আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নবীরকে না পেয়ে নিরীহ কিশোর মিলনকে ছুরিকাঘাত করা হয়েছে। তুচ্ছ ঘটনার জেরে এমন হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক।’

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন