লাগামহীন সোনার দাম, ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
![]() |
| সোনার দাম যত বাড়ছে ততই তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে | ফাইল ছবি |
গত সপ্তাহে দুই দফা কমার পর সোনার দাম আবার বাড়ছে। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। নতুন দাম আজ সোমবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রোববার রাত নয়টায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সমিতি জানিয়েছে, দেশের তেজাবি (পাকা) সোনার দাম বেড়েছে। মূলত বৈশ্বিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশে দাম বাড়ানো হচ্ছে। তবে বৈধ পথে সোনা আমদানি হয় না বললেই চলে।
গত মাসেই সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ২৯ ডিসেম্বর ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। পরে দাম কিছুটা কমে আসে। সর্বশেষ আজ পর্যন্ত দাম ছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।
নতুন দর অনুযায়ী,আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের দাম বেড়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায় দাঁড়াবে। ২১ ক্যারেটের দাম হবে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা হবে।
রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা। অর্থাৎ আগামীকাল থেকে ২২ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বাড়বে ১ হাজার ৫১৬ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। গত মাসে সোনার পাশাপাশি রুপার দামও রেকর্ডে পৌঁছেছিল। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তখন ৬ হাজার ৬৫ টাকা ছিল। পরে দাম কিছুটা কমে আসে। বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা।

Comments
Comments