কিছু সরকারি কর্মকর্তা নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে, দাবি জামায়াতের
![]() |
| দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয় | ছবি: জামায়াতের সৌজন্যে |
দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি, এমনটাই মনে করছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, প্রশাসনের মধ্যে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্যে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে।
আজ সোমবার অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকটি দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে আহ্বান জানানো হয় যে তারা নিরপেক্ষতা বজায় রেখে, কোনো বিশেষ দলের দিকে ঝুঁকে না পড়ে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি দাবি জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়। বৈঠক জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে বেলা পৌনে তিনটায় শেষ হয়।
জামায়াত জানিয়েছে, বৈঠকে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেড় হাজার শহীদ, ৩০ হাজারের বেশি আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।
জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনী আসন সমঝোতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগে আসন সমঝোতা কীভাবে চূড়ান্ত করা যায়, সেসব বিষয়ও বৈঠকে বিস্তারিত আলোচিত হয়েছে।

Comments
Comments