[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

একটি দল ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়: আবদুল্লাহ মোহাম্মদ তাহের

প্রকাশঃ
অ+ অ-
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন কুমিল্লা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা উচ্চবিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপিকে ইঙ্গিত করে কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দল ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়। তাদের লক্ষ্য ভারতের সঙ্গে আপস করে দেশ শাসনের নামে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া। তবে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এ দেশের মানুষ এবং চার কোটি যুবক তা হতে দেবে না।

শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ১০–দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিএনপিকে ইঙ্গিত করে এই জামায়াত নেতা বলেন, একটি দল ফ্যামিলি কার্ড বিতরণ করছে। এসব কার্ড ভুয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এটি বেআইনি। যাঁরা এই কার্ড নিয়ে যাবেন, তাঁদের আটক করতে বলা হয়েছে। এসব কাজ নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিদ্ধান্ত হবে, আমরা কি আবারও ফ্যাসিবাদে ফিরে যাব এবং অন্ধকারে নিমজ্জিত দেশে পরিণত হব, নাকি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এই সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণ।’

জামায়াতের নেতৃত্বাধীন ১০–দলীয় জোট ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘আপনারা জানেন, আমরা একটি ১০–দলীয় জোট গঠন করেছি। এই জোটে সব ইসলামি দল রয়েছে। এর সঙ্গে মুক্তিযোদ্ধার রাজনৈতিক দল এবং জুলাই যোদ্ধাদের অন্যতম দল এনসিপিও আছে। জনগণের সমর্থন নিয়ে ১২ ফেব্রুয়ারি এই জোট সরকার গঠন করবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের পতনের পর গত দেড় বছরে এই দেশে কারা চাঁদাবাজি করছে, তা মানুষ জানে। সাধারণ মানুষ আমাদের বলে, আগে যেখানে ১০ টাকা চাঁদা দিতে হতো, এখন সেখানে ২০ টাকা দিতে হচ্ছে। এই চাঁদাবাজির শিকার হচ্ছেন রিকশাচালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।’

‘আমরাই সরকার গঠন করব’
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, তাদের জোটের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে বিভাজনের রাজনীতি আর টিকে থাকবে না। তিনি বলেন, ‘একতার রাজনীতির মাধ্যমে একটি ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তোলা হবে। তবে আমাদের সবাইকে আরও সতর্ক থাকতে হবে। ১২ তারিখে পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারিত হবে। যারা ভয় দেখাক না কেন, ১২ তারিখ অবশ্যই আমাদের ভোট দিতে আসতে হবে।’

ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর ধরে লড়াই–সংগ্রাম হয়েছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যাঁরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন, আপনারা সাবধান হয়ে যান। যাঁরা কেন্দ্র দখল করতে আসবেন, যদি আপনাদের এমন চিন্তা থাকে, তাহলে বাসা থেকে মা–বাবার দোয়া নিয়ে বের হবেন। এই জনগণকে নিয়ে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে, ১২ তারিখের পর আমরাই সরকার গঠন করব, ইনশা আল্লাহ।’ 

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ | ছবি: পদ্মা ট্রিবিউন

সবার জন্য সমমর্যাদার বাংলাদেশ গড়ে তোলার কথা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, একইভাবে থাকবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আপনি হিন্দু হন বা মুসলমান হন, পাহাড়ি হন কিংবা সমতলের মানুষ হন, খ্রিষ্টান হন বা সাঁওতাল হন—আপনার আলাদা কোনো পরিচয় থাকবে না। বরং আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে সমমর্যাদা নিয়ে শান্তিতে বসবাস করতে পারবেন।’

জামায়াত প্রার্থীর চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিশ উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনসহ আরও অনেকে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন