[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাভারে ৪ জন দগ্ধ

প্রকাশঃ
অ+ অ-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে একটি বাড়িতে আগুন লাগে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকার সাভারে একটি বাসায় আগুন লাগার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে—এমন খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তবে স্থানীয়দের এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, পারিবারিক দ্বন্দ্বের জেরে ওই বাড়ির মালিকের এক ছেলে আগুন দিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দগ্ধ শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (রনি)। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্র। দগ্ধ অপর তিনজন হলেন—ওই বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং এলাকার ভাড়াটিয়া মো. হাসিনুর।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খণ্ডকালীন চিকিৎসক অমিতাভ দাস জানান, গুরুতর দগ্ধ হয়ে দুজন সেখানে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আরও দুজন দগ্ধ হয়ে সাভারে চিকিৎসা নিয়েছেন। তিনি জানান, আহত সাইফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাড়ির মালিকের দুই ছেলের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব চলত। মঙ্গলবারও এক ধরনের দ্বন্দ্বের জেরে মো. রায়হান দ্বিতীয় তলায় একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে সাইফুল ইসলাম ও হাসিনুর দ্বন্দ্ব মেটাতে যান। একপর্যায়ে মো. রায়হান গ্যাস লাইট জ্বালালে আগুন ধরে যায়। এতে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আগুন নিভান।

আহতরা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁদের সঙ্গে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক হোসনে মোবারক। আহত হাসিনুরের বরাত দিয়ে তিনি জানান, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব মেটাতে রনি ও হাসিনুর ওই বাসায় যান। রায়হান পেট্রল ঢেলে রেখেছিলেন। একপর্যায়ে তিনি গ্যাস লাইট জ্বালালে আগুন ধরে যায়।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, চারজন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন