[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিজ দোকানে পেট্রল ঢেলে আগুন, ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহীর বাগমারা উপজেলার ওই ব্যবসায়ীর দোকানে আগুন জ্বলতে দেখা যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুগাইপাড়া বাজারে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীর বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে দোকানটি পুড়ে গেছে এবং দগ্ধ হয়ে আহত হয়েছেন তিনি।  মঙ্গলবার রাতে উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর নাম আবুল কালাম (৫৩)। তিনি মুগাইপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাতে এক স্বজন জানান, আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক। এর এক দিন আগেও তিনি নিজ বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তখন তা সফল হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর আবুল কালাম নিজের দোকানে যান। কিছুক্ষণ পর তিনি দোকান থেকে বের হয়ে চারদিকে পেট্রল ঢালেন। এরপর দোকানে আগুন ধরিয়ে ভেতরে ঢুকে পড়েন। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। তিনি দোকান থেকে বের হতে গেলে শরীরে আগুন ধরে যায় এবং তিনি দগ্ধ হন।

পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বাগমারা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকান ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী তরুণ বলেন, ‘আগুন দেওয়ার আগে তিনি দোকানের চারপাশে পেট্রল ছিটান। এরপর আগুন ধরিয়ে নিজেই ভেতরে ঢুকে পড়েন। একপর্যায়ে শরীরে আগুন নিয়ে দোকান থেকে বের হন।’

আরেক প্রত্যক্ষদর্শী ফিরোজ আহমেদ বলেন, তাঁর চোখের সামনেই আবুল কালাম নিজ দোকানে আগুন দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও মুগাইপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ বলেন, আবুল কালাম কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া তিন দিন আগে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ হয়, যা তাঁকে আরও মানসিক চাপে ফেলে।

বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, আবুল কালাম নিজেই দোকানটিতে আগুন ধরিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন