শ্রীমঙ্গলে ৬ জনের ওপর হত্যা ও লাশ গুমের হুমকি, ঝুঁকিতে সাংবাদিক ও জুলাই যোদ্ধা
![]() |
| হত্যার হুমকি দেওয়ার প্রতীকী ছবি |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক, জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ ছয়জনকে হত্যা ও লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুমকির খবর ছড়িয়ে পড়ায় উপজেলায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার জিডিতে উল্লেখ করা হয়েছে, গতকাল বেলা দেড়টার দিকে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ও ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি মো. মুজাহিদুল ইসলামের ফেসবুক মেসেঞ্জারে হত্যার হুমকি পাঠানো হয়। বার্তায় মুজাহিদুল ইসলামসহ দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক নাঈম হাসান, জেলা এনসিপির সদস্য হায়দার আলী ও ছাত্রদল কর্মী নাহিম মিয়াকে হত্যার জন্য তালিকাভুক্ত করার কথাও উল্লেখ করা হয়।
মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমি ও আমার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফেসবুক, মেসেঞ্জার ও কমেন্টে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গতকাল দুপুরে আমাদের ছয়জনকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। বিষয়টি থানার ওসিকে জানানোর পর জিডি করার পরামর্শ দেওয়া হয়। আমরা ছয়জন থানায় গিয়ে জিডি করেছি।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুলিশ ও সিআইডি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই করে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি এহসানুল হক জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মিত অনিয়ম, দুর্নীতি ও অপরাধ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। এ কারণে একটি মহল তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দিচ্ছে।
এহসানুল হক বলেন, ‘এর আগে সড়কে আমাকে মোটরসাইকেল দিয়ে বাধা দিয়ে হামলার চেষ্টা করা হয়েছিল। মাদকবিরোধী সংবাদ প্রকাশের পর মাদকচক্র আমার বাড়ির সামনে এসে পরিবারকে ভয়ভীতি দেখিয়েছে। এসব ঘটনায় একাধিকবার জিডি করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন হত্যার হুমকিতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

Comments
Comments