[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

২৫ ডিসেম্বরের জন্য যানজট সতর্কতা, বিমানের যাত্রীদের আগে রওনা হওয়ার অনুরোধ

প্রকাশঃ
অ+ অ-
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফাইল ছবি

২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও আশপাশের সড়কে তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। ওই দিন বিমান বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব যাত্রীকে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের দিকে যাত্রা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে এয়ারলাইনসটি।

আজ মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগম হতে পারে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব যাত্রীকে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের দিকে রওনা হওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য যানজটের কারণে যাত্রী যেন ফ্লাইট মিস না করেন, সে জন্য আগে থেকে রওনা হওয়া জরুরি। যাত্রীদের যাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করার জন্য এই সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের বেশি সময় পর ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামবেন। তাঁর প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে বিএনপি বিশেষ আয়োজন করছে। অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ ১৮ ডিসেম্বর বলেছিলেন, ‘আমরা চাই, তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেভাবে সব কিছু দৃষ্টান্ত তৈরি করেছে, তার চেয়েও বড় হয় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন এমন কোনো ঐতিহাসিক ঘটনা না হয়। এই জন্যই সব আয়োজন করা হচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন