[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন




১৬: ২৯, ৩১ ডিসেম্বর ২০২৫

জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদা

জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় খালেদা জিয়াকে। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে
জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় খালেদা জিয়াকে। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হলো বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। রাজধানীর জিয়া উদ্যানে আজ বুধবার বিকেল পাঁচটার কিছু আগে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নামে। সকাল থেকেই খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলে দলে আসেন মানুষ। দুপুর গড়াতে না গড়াতেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কারওয়ান বাজার পর্যন্ত ঢাকার বিভিন্ন রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে। বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। বেলা ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়।

বিপুল মানুষের অংশগ্রহণে জানাজার পর সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তাঁর স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়।

সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা।

দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তাঁর বড় মেয়ে জাহিয়া রহমান, ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতা–কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান।

১৫: ০৪, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, মানুষের ঢল

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও অন্যরা। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে
খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও অন্যরা। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল। জাতীয় সংসদ ভবনের পাশে। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে
খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে
খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল। জাতীয় সংসদ ভবনের পাশে। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

খালেদা জিয়ায় জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল। আজ বুধবার বেলা দুইটার কিছু আগে। ছবি: পদ্মা ট্রিবিউন
খালেদা জিয়ায় জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল। আজ বুধবার বেলা দুইটার কিছু আগে। ছবি: পদ্মা ট্রিবিউন

 বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অন্যরা।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তাঁর ছেলে তারেক রহমান।

জানাজায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দোয়া করবেন। আল্লাহতায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন।’

বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। 

১৪: ৫৯, ৩১ ডিসেম্বর ২০২৫

জানাজাস্থলে বক্তব্য দিচ্ছেন নজরুল ইসলাম খান

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজাস্থলে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ। সেখানে বক্তব্য দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

১৪: ৩৩, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন প্রধান উপদেষ্টা

জানাজাস্থলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে
জানাজাস্থলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। 

১৪: ২২, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল

খালেদা জিয়ায় জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল। আজ বুধবার বেলা দুইটার কিছু আগে। ছবি: পদ্মা ট্রিবিউন
খালেদা জিয়ায় জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল। আজ বুধবার বেলা দুইটার কিছু আগে। ছবি: পদ্মা ট্রিবিউন

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল। ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে
মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল। ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে

মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল। ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে
মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল। ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানুষের ঢল। ছবি: রয়টার্স
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানুষের ঢল। ছবি: রয়টার্স

১৪: ২০, ৩১ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। ছবি: বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টের স্ক্রিনশট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। ছবি: বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টের স্ক্রিনশট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

আজ বুধবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

 

পোস্টে বলা হয়, খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধি দল। আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

এর আগে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন সরদার আইয়াজ সাদিক। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরদার আইয়াজ সাদিককে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থা ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

নেপাল ও ভুটানের শোকবার্তা হস্তান্তর
খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেল। 

 

জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর খালেদা জিয়াকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

১৩: ৫০, ৩১ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর এক্স থেকে
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর এক্স থেকে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের হাতে এই শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

১৩: ১২, ৩১ ডিসেম্বর ২০২৫

জানাজায় যোগ দিতে খামারবাড়িতেও মানুষের ঢল, অজু করছেন অনেকে

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে যাচ্ছেন তাঁরা। খামারবাড়িতে অজু করছেন অনেকে। আজ বুধবার বেলা একটার দিকে। ছবি: পদ্মা ট্রিবিউন
মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে যাচ্ছেন তাঁরা। খামারবাড়িতে অজু করছেন অনেকে। আজ বুধবার বেলা একটার দিকে। ছবি: পদ্মা ট্রিবিউন

১২: ৩৮, ৩১ ডিসেম্বর ২০২৫

জানাজায় যোগ দিতে মানুষের ঢল

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে মানুষের ঢল। রাজধানীর বিজয় সরণী। আজ বুধবার দুপুর ১২টার দিকে। ছবি: পদ্মা ট্রিবিউন
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে মানুষের ঢল। রাজধানীর বিজয় সরণী। আজ বুধবার দুপুর ১২টার দিকে। ছবি: পদ্মা ট্রিবিউন

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে মানুষের ঢল। রাজধানীর বিজয় সরণী। আজ বুধবার দুপুর ১২টার দিকে। ছবি: পদ্মা ট্রিবিউন
খালেদা জিয়ার জানাজার কারণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট র‍্যাম্প বন্ধ রাখা হয়েছে। জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিরা র‍্যাম্পে নামার জায়গায় গাড়ি রেখে হেঁটে রওনা দেন। ছবিটি আজ বুধবার বেলা ১১ টা ২৩ মিনিটে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে মানুষের ঢল। রাজধানীর বিজয় সরণী। আজ বুধবার দুপুর ১২টার দিকে । ছবি: পদ্মা ট্রিবিউন
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে মানুষের ঢল। রাজধানীর বিজয় সরণী। আজ বুধবার দুপুর ১২টার দিকে । ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সাধারণ মানুষ আসছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।

কালো পোশাক ও ব্যাজ পরে, দলীয় পতাকা হাতে খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছেন মানুষ।

বেলা সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে এখানে আসছেন। তাঁদের মধ্যে কেউ মহাখালী, কেউ খুলনা থেকে এসেছেন। 

১২: ৩৮, ৩১ ডিসেম্বর ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ,জড়ো হয়েছে বিপুল মানুষ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছে বিপুল মানুষ। আজ বুধবার দুপুরে বিএনপির ফেসবুক পেজ থেকে
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছে বিপুল মানুষ। আজ বুধবার দুপুরে বিএনপির ফেসবুক পেজ থেকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে। আজ বুধবার দুপুর ১২ টার পরে তাঁর মরদেহবাহী গাড়িটি সেখানে পৌঁছায়।

বিএনপির ফেসবুক পেজে আজ কিছুক্ষণ আগে দেওয়া এক পোস্টে জানানো হয়, খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের রাস্তাগুলোতে যেন জনসাধারণ অবস্থান করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএনপি।

জানাজার পর বেলা সাড়ে তিনটার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদরা সেখানে উপস্থিত থাকবেন।

দাফনকাজ নির্বিঘ্নে শেষ করতে সেখানে নির্ধারিত ব্যক্তি ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

১১: ৫১, ৩১ ডিসেম্বর ২০২৫

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুক্ষণ আগে ঢাকায় এসেছেন। ছবি: পদ্মা ট্রিবিউন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুক্ষণ আগে ঢাকায় এসেছেন। ছবি: পদ্মা ট্রিবিউন

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুক্ষণ আগে ঢাকায় এসেছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

১১: ৩৩, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তা জোরদার

রাজধানীর গুলশানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর গুলশানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ বুধবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় বলা হয়েছে, রাত থেকে এভারকেয়ার হাসপাতাল, সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া পুরো এলাকার নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

১১: ১২, ৩১ ডিসেম্বর ২০২৫

পতাকায় মোড়ানো গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ। ছবি: পদ্মা ট্রিবিউন
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ। ছবি: পদ্মা ট্রিবিউন

 বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশান থেকে জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে।

আজ বুধবার বেলা ১১টা ০৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়েছে।

গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে যাচ্ছেন। 

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজাস্থলের দিকে গাড়িবহর। ছবি: পদ্মা ট্রিবিউন
মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজাস্থলের দিকে গাড়িবহর। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনেরাও গাড়িবহরে রয়েছেন।

জানাজার জন্য খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

১০: ৫৭, ৩১ ডিসেম্বর ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউতে দলে দলে আসছে মানুষ

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে দলে দলে যাচ্ছেন মানুষ। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া
মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে দলে দলে যাচ্ছেন মানুষ। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে।

আজ বুধবার বেলা দুইটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতা কর্মী এবং সাধারণ মানুষেরা।

সরেজমিনে সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়ক, ফার্মগেটের খামারবাড়ি এলাকার মোড়সহ ওই এলাকায় মানুষের ভিড় দেখা গেছে। 

১০: ৪৩, ৩১ ডিসেম্বর ২০২৫

মায়ের কফিনের পাশে বসে কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান

মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে
মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

গুলশান অ্যাভিনিউয়ে ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতা কর্মী ও স্বজনেরা।

সেখানে মা খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

০৯: ৪৩, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মরদেহ পতাকায় মোড়ানো গাড়িতে এভারকেয়ার থেকে গুলশানে

গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় ঢৃুকছে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি। এখানে রয়েছেন তারেক রহমান। আজ বুধবার সকালে। ছবি: পদ্মা ট্রিবিউন
গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় ঢৃুকছে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি। এখানে রয়েছেন তারেক রহমান। আজ বুধবার সকালে। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল ৯টা ১৭ মিনিটের দিকে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিয়ে যাওয়া হয়েছে।

খালেদা জিয়ার মরদেহ তাঁর দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা ছিল। তবে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। এখানে নেতা কর্মী ও স্বজনেরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।

সকালে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশান থেকে খালেদা জিয়াকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। 

এভারকেয়ার এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

সরেজমিনে এভারকেয়ার হাসপাতালে প্রবেশের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। হাসপাতালে রোগী ও তাদের স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিচয় এবং হাসপাতালে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

০৯: ৪১, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, আরও যাঁরা আসছেন

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায়। ছবি: ঢাকায় নেপালের দূতাবাস
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায়। ছবি: ঢাকায় নেপালের দূতাবাস

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় এসেছেন।

গতকাল মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে বালা নন্দা শর্মা ঢাকায় আসেন। তাঁকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে, তাঁর প্রতি শেষশ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথের আজ ঢাকায় আসার কথা। 

০৯: ৩০, ৩১ ডিসেম্বর ২০২৫

শোকবইয়ে চার উপদেষ্টার সই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকবইয়ে সই করেছেন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা।

তাঁরা হলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে চারজন উপদেষ্টা শোকবইয়ে সই করেন। 

০৮: ৫০, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে ফিরোজায় নেওয়ার প্রস্তুতি চলছে, জানাজা বেলা ২টায়

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে তাঁর বাসভবন ফিরোজায়। ছবি: পদ্মা ট্রিবিউন
পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে তাঁর বাসভবন ফিরোজায়। ছবি: পদ্মা ট্রিবিউন

এভারকেয়ার থেকে ফিরোজায় নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ। ছবি: পদ্মা ট্রিবিউন
এভারকেয়ার থেকে ফিরোজায় নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল নয়টার পর নেওয়া হবে তাঁর দীর্ঘদিনের বাসভবন 'ফিরোজা’য়। সকাল ৮টা থেকে খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

খালেদা জিয়ার কফিনবন্দী মরদেহ লাশবাহী গাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। গাড়িটি বাংলাদেশের পতাকায় মোড়ানো রয়েছে।

এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফিরোজায় খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতা কর্মীরা। পরে তাঁকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এভারকেয়ার এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

সরেজমিনে এভারকেয়ার হাসপাতালে প্রবেশের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। হাসপাতালে রোগী ও তাদের স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিচয় এবং হাসপাতালে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার। ছবি: পদ্মা ট্রিবিউন
এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার। ছবি: পদ্মা ট্রিবিউন

০১: ০৩, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা ২টায়, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। দুপুর সাড়ে ১২টার দিকে স্থায়ী কমিটির এই সভা শুরু হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির সভা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। পুরো জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করবেন। তাঁর দাফনে অংশ নেবেন।

সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের পক্ষ থেকে শোক ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সাত দিনব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এই সাত দিন কালো ব্যাজ ধারণ করব। একই সঙ্গে প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উড়বে। প্রত্যেক কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া পড়া হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

০১: ০৫, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে, কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। মঙ্গলবার রাতে ডিএমপি এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।

যেসব ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে
জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত/আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ থাকবে। এ ক্ষেত্রে নগরবাসীকে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব সড়ক এড়িয়ে চলতে হবে
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয় সরণি (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) রোডে সীমিত আকারে গাড়ি চলাচল করবে। তাই যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে।

মিরপুর থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।

মিরপুর থেকে রমনা-মতিঝিলগামী যানবাহনকে মিরপুর রোডের শ্যামলী থেকে বাঁয়ে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করতে বলা হয়েছে।

যেসব সড়কে সীমিত যানবাহন চলবে
প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি/ফার্মগেটে সীমিত যানবাহন চলাচল করবে। পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং–এর দিকেও যান চলাচল সীমিত থাকবে।

এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সায়েন্স ল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।

যেসব স্থানে পার্কিং করা যাবে
ঢাকা মহানগরের যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে বলা হয়েছে।

ঢাকার বাইরে থেকে আসা যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনকে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউবাজার/গরুর হাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফুট সার্ভিস রোডে পার্কিং করা যাবে।

বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা ও রাস্তায় ডাইভারশন কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি।

২০: ৪০, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আইয়াজ সাদিক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন। ইসহাক দার লিখেছেন, আগামীকাল ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার।

এর আগে দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছিল খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দিতে ঢাকায় আসবেন সে দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

২১: ৫৮, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদ জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজার পর দাফন সম্পন্ন হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ আগামীকাল খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন।

২১: ৪৫, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে ‘ফিরোজা’ হয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ সেখানে নেওয়ার জন্য একটি নির্ধারিত রুট ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়।

ঘোষিত রুট অনুযায়ী, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশান–২ এলাকার বাসভবন ফিরোজায় নেওয়া হবে।

এরপর সেখান থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে। পরে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ পৌঁছানো হবে।

এদিকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। ডিএমপি অর্ডিন্যান্সের ধারা ২৮ ও ২৯ অনুযায়ী এ সময় মহানগর এলাকায় কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শোক পালনের সময় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা করা যাবে না। এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জন–উপদ্রব সৃষ্টি করতে পারে—এমন কোনো কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর জানাজা আগামীকাল বুধবার বেলা দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

১৯: ২৫, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন পাকিস্তান-ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। আগামীকাল জানাজার পর খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়াও আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়া জানাতে ও জানাজায় অংশ নিতে আসার কথা রয়েছে।

১৮: ৫০, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া অনেকবার ফেনীর বাড়িতে এসেছেন, তাঁর লাগানো নিমগাছটি এখনো আছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে গ্রামবাসী ও নেতা–কর্মীদের ভিড়। মঙ্গলবার দুপুরে। ছবি: পদ্মা ট্রিবিউন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে গ্রামবাসী ও নেতা–কর্মীদের ভিড়। মঙ্গলবার দুপুরে। ছবি: পদ্মা ট্রিবিউন

‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’—এমন স্লোগান দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে জেলার নেতা-কর্মীদের মুখে প্রতিধ্বনিত হয়েছে। ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মেয়ে তিনি। আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুতে শোকে স্তব্ধ গ্রামের স্বজন ও নেতা-কর্মীরা। 

সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের বাড়ি মজুমদার বাড়িতে ভিড় করেন নেতা-কর্মী ও স্বজনেরা। যদিও তাঁর এক চাচাতো ভাই ছাড়া নিকটাত্মীয় তেমন কেউ এই বাড়িতে থাকেন না। বেলা ১১টায় বাড়িতে গিয়ে দেখা যায়, মাদ্রাসার একদল ছাত্র বাড়ির প্রাঙ্গণে বসে কোরআন খতম দিচ্ছেন। বাড়ির সামনে পতাকাস্ট্যান্ডে কালো পতাকা টাঙানো হয়েছে।

বাড়ির একমাত্র বাসিন্দা ও খালেদা জিয়ার চাচাতো ভাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মজুমদার স্মৃতিচারণা করে বলেন, ‘বেগম খালেদা জিয়া একজন বিনয়ী নেত্রী ছিলেন। তিনি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী থাকা অবস্থায় অনেকবার এ বাড়িতে এসেছেন। তিনি বাড়ির পুকুরঘাটের পাশে একটি নিমগাছ রোপণ করেছিলেন, যা এখনো আছে। তিনি এই বাড়িতে যখনই আসতেন, সরকারি প্রটোকল ভেঙে দলীয় নেতা-কর্মী ও বাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করতেন।’ 

ফুলগাজীর বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, ফুলগাজীর মানুষের সঙ্গে খালেদা জিয়ার অস্তিত্ব মিশে আছে। ফুলগাজীবাসী খালেদা জিয়াকে নিয়ে গর্ব করেন। তাঁর এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ির পাশেই আমার বাড়ি। সকালে তাঁর মৃত্যুর সংবাদে আমরা নেতা-কর্মীরা ভেঙে পড়েছি। আমাদের প্রত্যেক নেতা-কর্মীর বাড়ির প্রাঙ্গণে কালো পতাকা টাঙানোর জন্য বলা হয়েছে। সকাল থেকে কোরআন খতম ও দোয়া অব্যাহত রাখা হয়েছে। আগামীকাল বুধবার জানাজায় অংশ নেওয়ার জন্য ফুলগাজীর বিপুলসংখ্যক নেতা-কর্মী ঢাকায় যাবেন।’ 

খালেদা জিয়া যতবার নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ফেনী-১ আসন থেকে পাঁচবার জয়লাভ করেছেন। তিনবার প্রধানমন্ত্রী ও দুবার বিরোধীদলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন বলেন, ‘গতকাল সোমবার বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। এক দিন পর তাঁর মৃত্যুর সংবাদ শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা একজন গুণী নেত্রীকে হারিয়েছি, যার অভাব পূরণ করা সম্ভব নয়।’ তিনি বলেন, তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির বাইরে ফেনীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলের পক্ষ থেকে কোরআন খতম করা হচ্ছে। বাদ জোহর থেকে প্রতি ওয়াক্ত নামাজে তাঁর জন্য বিশেষ দোয়া করা হবে।

১৮: ৪৩, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা: অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এই জানাজায় অংশ নেওয়ার সুবিধার জন্য আগামীকাল অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচীর অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।’

১৮: ২৯, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ নোয়াবের

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

নোয়াব সভাপতি এ কে আজাদ এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম সব গোষ্ঠী ও মতের ঊর্ধ্বে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

১৮: ১০, ৩০ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের আগে খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর তিন আসনে কী হবে

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁর মৃত্যুতে তিনটি আসনে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে কি না, সেই প্রশ্ন সামনে এসেছে।

গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্বাচনী নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি সংসদীয় আসনে নির্বাচন করতে পারেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বগুড়া–৭, দিনাজপুর–৩ ও ফেনী–১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এই তিন আসনে বিএনপির একজন করে বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরই মধ্যে আজ মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া মারা যান।

জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি, এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হলেও তিনি বা কেউ এখনো বৈধ প্রার্থী হননি। কারও মনোনয়নপত্র বাছাইয়ে টিকে যাওয়ার পর তিনি বৈধ প্রার্থী বিবেচিত হন। খালেদা জিয়া মারা যাওয়ায় তাঁর মনোনয়ন স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ  বলেন, বৈধভাবে মনোনীত ঘোষণার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে সেখানে আবার তফসিল ঘোষণা করতে হয়। এ ক্ষেত্রে সেটা করতে হবে না।

এ ছাড়া গণমাধ্যমের খবরে আবদুর রহমানেল মাছউদ দেখেছেন, তিনটি আসনে বিএনপির বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো আসনে কোনো দল একাধিক প্রার্থীর মনোনয়ন দিতে পারে। তবে একাধিক প্রার্থী থাকলে শেষ পর্যন্ত (প্রতীক বরাদ্দের আগে) যাঁর নামে দল থেকে প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়, তিনিই দলীয় প্রার্থী হন।

সব মিলিয়ে এই তিন আসনে নতুন করে তফসিল ঘোষণা করার প্রয়োজন হবে না বলে মনে করছেন আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে নির্বাচনের তফসিলে পরিবর্তন আনার কোনো সুযোগ বা প্রয়োজন নেই।

১৭: ৪৭, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি: এএনআই
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি: এএনআই

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।

আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

১৭: ৩১, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে কংগ্রেস নেতা লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

রাহুল গান্ধী লিখেছেন, ‘আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

১৭: ২৪, ৩০ ডিসেম্বর ২০২৫

আগামীকাল সাধারণ ছুটির আওতায় কী থাকবে, কী থাকবে না

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া তাঁর জানাজার জন্য আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তাঁর নামাজে জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি।’

পরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর (আগামীকাল বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করল।

ছুটিতে যা বন্ধ, যা খোলা থাকবে
প্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে যা যা ছুটির আওতার বাইরে থাকবে তা–ও উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—
ক. জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।

খ. হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।

গ. চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।

ঘ. জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

১৬: ৩৮, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। একই সঙ্গে সমিতির সদস্যরা আজ মঙ্গলবার ঢাকার সব আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক শোকবার্তায় ঢাকা আইনজীবী সমিতি এই তথ্য জানিয়েছে।

সমিতির সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আজ ঢাকার অধস্তন আদালতের বিচারকেরা এজলাসে ওঠেননি। তবে আদালতের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে।

এ বিষয়ে ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে সিএমএম আদালতের বিচারকেরা এজলাসে না ওঠার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আদালতের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে।

সমিতির শোকবার্তায় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। 

১৬: ২৭, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা এই শোক জানান।

পোস্টে মমতা লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাবও। 

১৬: ১৩, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান হাইকমিশনের সূত্রটি বলেছে, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় আসার কথা রয়েছে। 

১৬: ০৭, ৩০ ডিসেম্বর ২০২৫

গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই, আসছেন কূটনীতিকেরা

বেলা ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: পদ্মা ট্রিবিউন
বেলা ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা স্বাক্ষর করছেন।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এই শোকবই খোলা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, বেলা ৩টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন।

এরপরে আসেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনিও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। শোকবইয়ে স্বাক্ষর করেন।

বেলা ৩টা ১৫ মিনিটের দিকে তারেক রহমান গুলশানের কার্যালয় থেকে বেরিয়ে যান। এরপর শোকবইয়ে স্বাক্ষর করতে আসেন সুইডেন, নেদারল্যান্ডস ও ইরান দূতাবাসের প্রতিনিধিরা।

বেলা ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের এই কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। ছবি: বিএনপির ফেসবুক পেজ
খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। ছবি: বিএনপির ফেসবুক পেজ

১৫: ৫২, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মুখ: ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) গভীর শোক প্রকাশ করেছে। আজ মঙ্গলবার এক বার্তায় ডাকসু এই শোক প্রকাশ করে। শোকবার্তায় বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশের এক অন্ধকার সময়ে খালেদা জিয়া দৃঢ় প্রতিজ্ঞায় উঠে দাঁড়িয়েছিলেন। স্বৈরাচারের দমনপীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসা মোকাবিলা করে তিনি হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মুখ, জনপ্রত্যাশার কেন্দ্রবিন্দু।

স্বৈরতন্ত্র, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার নেতৃত্ব ঐতিহাসিক ও স্মরণীয় বলে উল্লেখ করা হয় শোকবার্তায়। এতে বলা হয়, তিনি কখনো বিদেশি তোষামোদ বা চাপের কাছে নতি স্বীকার করেননি। বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন তিনি।

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানোর কথা জানিয়েছে ডাকসু। 

১৫: ০৫, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা থেকে দাফন রাষ্ট্রীয় মর্যাদায়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত নেওয়া, তাঁর জানাজা ও দাফন পর্যন্ত পুরো প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভা শেষে শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। ১০ হাজারের বেশি পুলিশ ও এপিবিএন সদস্য থাকবেন। কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর সদস্য থাকবেন।

প্রেস সচিব বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। আপসহীন নেত্রী। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তাঁর জানাজা, দাফনসহ প্রতিটি অনুষ্ঠান সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। এ জন্য বিএনপির পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা, দাফন, সাধারণ জনগণের শ্রদ্ধা জ্ঞাপনসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্বে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার জানাজা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বুধবার সকালে তাঁর মরদেহবাহী গাড়ি এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন এলাকায় নেওয়া হবে। নেওয়ার পথে রাস্তার দুই পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হবে। তবে কখন মরদেহ সংসদ ভবন এলাকায় নেওয়া হবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। রাষ্ট্রীয় সম্মানে তাঁকে নিয়ে আসা হবে।

প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও কূটনীতিকেরা উপস্থিত থাকবেন। কিছুদিন আগে সংসদ ভবন এলাকায় বড় একটি জানাজা হয়েছে। খালেদা জিয়ার জানাজা আরও বড় আকারে হবে। সে আলোকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনের শামসুল ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রস্তুতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি জাতীয় নেত্রী ছিলেন। বিএনপির দলীয় অবস্থান থেকে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে। খালেদা জিয়ার শেষ বিদায়ে তাঁকে প্রাপ্য সম্মান দিতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

শামসুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মরদেহ যখন এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নেওয়া হবে, তখন রাস্তার দুপাশে জনসাধারণ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন।

১৪: ৫৫, ৩০ ডিসেম্বর ২০২৫

কাল দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা হবে: মির্জা ফখরুল

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা হবে। 

১৪: ১৮, ৩০ ডিসেম্বর ২০২৫

আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য: তারেক রহমান

খালেদা জিয়া। ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ
খালেদা জিয়া। ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ

বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তাঁর বড় ছেলে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার দুপুর ২টা ৩ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন। এই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।’

১৪: ০৬, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় আছে, ব্যক্তিগতভাবে মনে করেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা প্রহসনমূলক ছিল মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করা হয়েছিল। ব্যক্তিগতভাবে আইন উপদেষ্টা মনে করেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে দিয়ে আইন উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এ ছাড়া আগামীকাল বুধবার এক দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

১৩: ৫৯, ৩০ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক, সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে

ঢাকা বিশ্ববিদ্যালয়। কোলাজ
ঢাকা বিশ্ববিদ্যালয়। কোলাজ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। এ ছাড়া খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনারসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত করা হবে। অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আগামীকাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উপাচার্যের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, খালেদা জিয়া দেশ-জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দেবে।

১৩: ২২, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: কোলাজ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি: কোলাজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার এক বার্তায় রাষ্ট্রপতি এ শোক জ্ঞাপন করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ বিস্তারিত পড়ুন...

১৩: ০৭, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান, ভারত, চীনসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন। এসব দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, চীন, যুক্তরাষ্ট্র। বিস্তারিত পড়ুন...

১২: ৫৬, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসেছেন তারেক রহমান। ছবি: পদ্মা ট্রিবিউন
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসেছেন তারেক রহমান। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মৃত্যুর পরিপ্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন তারেক রহমান।

আজ রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে এই কার্যালয়ের উদ্দেশে রওনা হন। তারেক রহমান আসার আগেই এই সভায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসে পৌঁছান।

খালেদা জিয়ার মৃত্যুতে দলের বিস্তারিত কর্মসূচি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গুলশানের এই কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীরা ভিড় করেছেন। 

১২: ৪৯ , ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আজ মঙ্গলবার ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সীমাহীন অবদান রাখার জন্য খালেদা জিয়া ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবেন।

শোক বিবৃতিতে খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। 

১২: ৩০, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউয়ে, দাফন জিয়াউর রহমানের পাশে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। আজ মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

১২: ৩০, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে গণভোটের প্রচার দুদিন বন্ধ থাকবে

আলী রীয়াজ। ফাইল ছবি
আলী রীয়াজ। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গণভোট নিয়ে সরকারের প্রচারমূলক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সারা দেশে গণভোটসংক্রান্ত সব ধরনের প্রচারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এই তথ্য জানিয়েছেন।

আজ সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামীকাল সাধারণ ছুটি থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।

গণভোট উপলক্ষে সারা দেশে প্রচারমূলক কাজ করছে সরকার। ইতিমধ্যে প্রচারমূলক ‘ভোটের গাড়ি’ যাত্রা শুরু করেছে। একাধিক মন্ত্রণালয় বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম চালাচ্ছে।

বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে এসব প্রচারমূলক কাজ আজ ও আগামীকাল স্থগিত থাকবে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা আগামীকাল দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। 

১২: ০৬, ৩০ ডিসেম্বর ২০২৫

৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামীকাল সাধারণ ছুটি থাকবে। জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ভাষণে এ কথা বলেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তাঁর নামাজে জানাযার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি।’

১১: ৫৯ , ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যু: হাজারো চোখে অশ্রু, হাসপাতালের ফটকে জনতার ভিড়

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকায় মানুষের ভিড়। ছবি: পদ্মা ট্রিবিউন
বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকায় মানুষের ভিড়। ছবি: পদ্মা ট্রিবিউন

আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকা আর দশটা দিনের মতো ছিল না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। নেতা-কর্মী, সমর্থক, সাধারণ মানুষ—সবাই মিলিয়ে জায়গাটি পরিণত হয় শোক, নীরবতা ও আবেগের এক প্রাঙ্গণে।

হাসপাতালের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখেমুখে ছিল গভীর শোকের ছায়া। কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ চোখ মুছছেন, কেউ আবার দুই হাত তুলে দোয়া করছেন। ভিড়ের মধ্যে কোথাও কান্নার শব্দ, কোথাও দীর্ঘশ্বাস—সব মিলিয়ে এক ভারী আবহ।

সকাল গড়াতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা হাসপাতালে আসতে থাকেন। তবে এদিন হাসপাতালের সামনে দলীয় স্লোগান নয়, শোকই ছিল প্রধান ভাষা। অনেক নেতা–কর্মীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। কেউ বলছিলেন, ‘এ ক্ষতি পূরণ হওয়ার নয়।’

হাসপাতালের আশপাশে জড়ো হওয়া সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তাঁদের অনেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। কেউ এসেছেন দীর্ঘদিনের পরিচিত এক রাজনৈতিক চরিত্রের প্রস্থান দেখতে, কেউ এসেছেন কেবল শোক প্রকাশ করতে। এক তরুণ বলছিলেন, ‘আমরা যাঁকে টিভি, পত্রিকায় দেখে বড় হয়েছি, তিনি আর নেই—এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হচ্ছিল না।’

বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বর ও সংলগ্ন সড়কে মানুষের চাপ বাড়তে থাকে। ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

ভিড়ের ভেতরে দাঁড়িয়ে থাকা অনেক কর্মী স্মৃতিচারণা করছিলেন। কেউ আন্দোলনের দিনের কথা বলছিলেন, কেউ কারাবন্দি অবস্থায় খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের কথা স্মরণ করছিলেন। অনেকের ভাষ্যে উঠে আসে একজন আপসহীন রাজনৈতিক নেত্রীর প্রতিচ্ছবি, যিনি বিরোধিতা, কারাবাস ও অসুস্থতার মধ্যেও রাজনীতির কেন্দ্রেই ছিলেন।

১১: ৪৭, ৩০ ডিসেম্বর ২০২৫

শেষ সময়ে মায়ের পাশে থেকে বাসায় ফিরলেন তারেক রহমান

গাড়িতে করে বাসায় ফিরছেন তারেক রহমান। ছবি: বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের ভিডিও থেকে নেওয়া
গাড়িতে করে বাসায় ফিরছেন তারেক রহমান। ছবি: বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের ভিডিও থেকে নেওয়া

বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে গেছেন তাঁর বড় ছেলে তারেক রহমান।

আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষ সময়ে তিনি তাঁর মায়ের পাশেই ছিলেন। পরিবারের অন্য সদস্যরা শেষ সময়ে খালেদা জিয়ার পাশে ছিলেন।

খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। 

১১: ৩৭ , ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক যুক্তরাষ্ট্রের

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ

 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, খালেদা জিয়া তাঁর দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে তাঁর নেতৃত্ব বিশেষ ভূমিকা রেখেছে। 

১১: ১৩, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে শাহবাজ শরিফ ও ইসহাক দারের শোক

শাহবাজ শরিফ ও ইসহাক দার। ছবি: রয়টার্স-এক্স
শাহবাজ শরিফ ও ইসহাক দার। ছবি: রয়টার্স-এক্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন।

আজ মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক টুইটে এ শোক জানান শাহবাজ শরিফ।

বার্তায় শাহবাজ শরিফ বলেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের এ মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে।

শাহবাজ শরিফ বলেন, ‘আমরা এ কঠিন সময়ে খালেদা জিয়ার পরিবার, বন্ধুবান্ধব ও বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন তাঁর আত্মাকে শান্তি দান করেন। আমিন।’

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক্সে দেওয়া এক বার্তায় এ শোক প্রকাশ করেন ইসহাক দার। বার্তায় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১১: ০৩, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে ইসির গভীর শোক ও দুঃখ প্রকাশ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন।

খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনে বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বলে শোকবার্তায় উল্লেখ করা হয়। এতে বলা হয়, তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেন।

ইসি বলেছে, নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচন কমিশন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। 

১০: ৫৫, ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দুপুর ১২টায়

বিএনপির লোগো
বিএনপির লোগো

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির খান জানান, জরুরিভাবে স্থায়ী কমিটির বৈঠকটি হবে। বাসসের খবরে এই তথ্য জানানো হয়। 

১০: ৪৩, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত‍্যুতে বাতিল বিপিএলের ম‍্যাচ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ছয়টার দিকে মারা গেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বিপিএলের খেলা মাঠে গড়াচ্ছে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দেশের শোকাবহ পরিস্থিতি ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। এ দুটি ম্যাচ কবে হবে, তা পরে জানাবে বিসিবি।

সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দুপুর ১টায় সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানায় বিসিবি। দেশের ক্রিকেটের অগ্রগতিতে তাঁর অব্যাহত সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বিসিবি। 

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অসামান্য সমর্থন দিয়েছেন। ক্রিকেট অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন এবং সারা দেশে খেলাটির বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া। তাঁর দুরদর্শিতা ও উৎসাহে দেশের ক্রিকেটে সাফল্য ও অগ্রগতির পথ সুগম করেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শোক জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছেন, ‘তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে।’

১০: ৫১, ৩০ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে। 


১০: ৪৭, ৩০ ডিসেম্বর ২০২৫

বেগম জিয়ার মৃত্যুতে মোদির শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে মোদি এই শোক প্রকাশ করেন।

মোদি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মারা যাওয়ার খবর জেনে তিনি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের সব মানুষের প্রতি আন্তরিক সমবেদনা। এই শোকাবহ ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তাঁর পরিবারকে দান করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে উষ্ণ সাক্ষাতের কথা তিনি স্মরণ করেন। আশা করছেন, তাঁর দূরদর্শিতা ও উত্তরাধিকার দুই দেশের অংশীদারত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। তাঁর আত্মা শান্তিতে থাকুক। 

১০: ২৯, ৩০ ডিসেম্বর ২০২৫

এই ক্ষতি অপূরণীয়, জাতি কখনো কাটিয়ে উঠতে পারবে না: কান্নাজড়িত কণ্ঠে মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সংবাদটি (খালেদা জিয়ার মৃত্যু) নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা আবার আশা করছিলাম, তিনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এই শোক, এই ক্ষতি অপূরণীয়। জাতি কখনোই এটি কাটিয়ে উঠতে পারবে না। বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফোন করেছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে খালেদা জিয়ার জানাজা, রাষ্ট্রীয় সম্মানে দাফনসহ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে। 

১০: ১৯, ৩০ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার, গাড়ি দূরে রেখে আসার আহ্বান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের প্রবেশপথ, পার্কিং এলাকা ও আশপাশের সড়কগুলোয় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ডিসি মিজানুর রহমান বলেন, ‘আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট করছি। আমাদের একটা পরামর্শ, এটা তো আবেগের জায়গা, সবাই আসবেন, কিন্তু গাড়ি নিয়ে যেন এভারকেয়ারের গেটের আশপাশে ভিড় না করেন।’

এর মধ্যে অনেক গাড়ি আসছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘অনুরোধ থাকবে, একেবারে সামনে ও আশপাশের জায়গায় যেন গ্যাদারিং না করা হয়। গাড়িগুলো একটু দূরে রেখে যেন আসেন।’ 

১০: ০৩, ৩০ ডিসেম্বর ২০২৫

জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে খালেদা জিয়াকে

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবর। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবর। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।

খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগের চেষ্টা করছে বলেও জানানো হয়।

০৯: ৪৪, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

মুহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম ও তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মুহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল। 

০৯: ৩৪, ৩০ ডিসেম্বর ২০২৫

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি

খালেদা জিয়া ছিলেন গৃহবধূ। জিয়াউর রহমানের মৃত্যুর সাত মাস পর এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজনীতিতে আসার ১০ বছরের কম সময়ের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। প্রায় ৪৩ বছর তাঁর রাজনৈতিক জীবন। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ়চেতা, সাহসী নেত্রী। তিনি বিপদে-দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। আর শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ‘ঐক্যের প্রতীক’। বিস্তারিত পড়ুন...

০৯: ২৯, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!’

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।’

০৯: ২৪, ৩০ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ার হাসপাতালে আসছেন বিএনপির নেতারা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউর সামনে বিএনপির নেতারা। আজ মঙ্গলবার সকালে। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউর সামনে বিএনপির নেতারা। আজ মঙ্গলবার সকালে। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসছেন দলীয় নেতারা।

খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ছয়টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। হাসপাতালে আছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে রয়েছেন। হাসপাতালে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। সকাল আটটার পর হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। এর কিছু পর আসেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হাসপাতালের সামনে বিএনপির বেশ কিছু নেতা-কর্মীকে অবস্থান করতে দেখা গেছে। খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতা–কর্মীরা কান্না ভেঙে পড়েন। ছবি: পদ্মা ট্রিবিউন
এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতা–কর্মীরা কান্না ভেঙে পড়েন। ছবি: পদ্মা ট্রিবিউন

০৯: ১৯, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: পদ্মা ট্রিবিউন
সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে দলটি।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

রুহুল কবির রিজভী বলেন, শোকের সময়ে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। বিএনপির সব কার্যালয়ে শোকবই খোলা হবে। এই শোক বইয়ে শোক ও সমবেদনা জানানো যাবে।

গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়, নয়াপল্টনের দলের প্রধান কার্যালয়সহ সব জেলা-উপজেলায় শোক উপলক্ষে দোয়া ও কোরআন খতম কর্মসূচি পালন করা হবে বলে জানান রুহুল কবির রিজভী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন