সোহরাওয়ার্দী উদ্যানে ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ
![]() |
| জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করছেন দলের আমির শফিকুর রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন |
আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা জামায়াতে ইসলামীর মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের বদলে এটি হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। এর আগে মহাসমাবেশ মানিক মিয়া অ্যাভিনিউতে হবে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছিল।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন মুঠোফোনে জানান, জনদুর্ভোগ এড়াতে মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নেন।
বৈঠকে দেশে চলমান পরিস্থিতি, আগামী ৩ জানুয়ারি মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে শান্তি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Comments
Comments