আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে রাশেদ খাঁন
![]() |
| বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাশেদ খান (বায়ে) দলে যোগ দেন। ২৭ ডিসেম্বর | ছবি: বিএনপির মিডিয়া সেল |
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মুহাম্মদ রাশেদ খান। আজ শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপিতে যোগ দেন।
ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন রাশেদ খান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দেন। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি থেকে রাশেদ খানের মনোনয়নের ঘোষণা দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ-৪ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।
এর আগে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো গণ অধিকার পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাধারণ সম্পাদক রাশেদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Comments
Comments