বিএনপিতে যোগ দিচ্ছেন গণ অধিকারের রাশেদ খান
![]() |
| রাশেদ খান | ফাইল ছবি |
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন।
গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন ছাড়তে হয়েছে।
সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করা ঝিনাইদহ-৪ আসনে জয় পাওয়া অনেক চ্যালেঞ্জিং হতে পারে। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে জয়ের ক্ষেত্রে নানা অনিশ্চয়তা থাকায় রাশেদ ধানের শীষ প্রতীকে জয় নিশ্চিত করতে ওই আসনে নির্বাচন করতে চান। এজন্যই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র আরও জানিয়েছে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের মধ্যে যারা আসন ছেড়ে দিয়েছে, তাঁদের অনেককেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বলা হয়েছে। তাই রাশেদ ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপি সমঝোতার মাধ্যমে শরিকদের ২৮টি আসন ছেড়ে দিচ্ছে। গত বুধবার সংবাদ সম্মেলনে ১০টি আসনে শরিক দলের নেতাদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন তিনি জানান, ঝিনাইদহ-৪ আসন গণ অধিকার পরিষদের রাশেদ খানের জন্য খালি রাখা হয়েছে।
এর পর থেকে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের একাংশ ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের দাবি, এই আসন থেকে রাশেদ খানকে প্রত্যাহার করতে হবে। তারা সাইফুল ইসলাম অথবা মুর্শিদা জামানের মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দাবি তুলেছেন।

Comments
Comments