সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীর পথসভায় অংশ নেওয়ায় এএসআইকে সাময়িক বরখাস্ত
![]() |
| সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তা কারি মহিবুল্লাহ | ছবি: পদ্মা ট্রিবিউন |
সাতক্ষীরা শহরে পুলিশের পোশাক পরে জামায়াতের পথসভায় অংশ নেওয়া এবং ইসলামি সংগীত পরিবেশন ও বক্তব্য দেওয়ার অভিযোগে সরকারী উপপরিদর্শক (এএসআই) কারি মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারি মহিবুল্লাহ বর্তমানে যশোর পুলিশ লাইনসে কর্মরত। গত ২৬ নভেম্বর থেকে তিনি ১৫ দিনের ছুটিতে বাড়ি যান। ১২ ডিসেম্বর তিনি যশোর পুলিশ লাইনে যোগদান করেন। কিন্তু ছুটিতে বাড়িতে না গিয়ে তিনি সাতক্ষীরায় যান।
৭ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে, সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জামায়াতের আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে, সাতক্ষীরা–২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে জামায়াতের প্রার্থী আবদুল খালেকের পথসভায় তিনি পুলিশের পোশাক পরে অংশ নেন। পথসভায় তিনি ইসলামি সংগীত পরিবেশন করেন এবং বক্তব্যও দেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ ঘটনা রেঞ্জ ডিআইজি খুলনা ও যশোর পুলিশ সুপারকে জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে আজ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারি মহিবুল্লাহর বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments
Comments