নির্বাচনী সমঝোতায় পৌঁছাল জামায়াত ও এনসিপি
![]() |
| সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে।
আজ রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, আটটি দল আগে থেকেই একসঙ্গে ছিল। এখন তাদের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। সেগুলো হলো এনসিপি এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।
জামায়াতের আমির বলেন, আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও কিছু দল এই জোটের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে। তবে এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না।
গণ-অভ্যুত্থানের পর জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করে। পরে এতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও যুক্ত হয়। জামায়াতসহ এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিল।
নতুন করে এনসিপি ও এলডিপি এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় এখন এই জোটে দলের সংখ্যা দাঁড়াল ১০টিতে।

Comments
Comments