ময়মনসিংহে রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত
![]() |
| ময়মনসিংহে গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ২০ ফুট খুলে সরিয়ে ফেললে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।গতকাল রোববার | ছবি: পদ্মা ট্রিবিউন |
ময়মনসিংহ–১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার বিকেল থেকে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা আন্দোলনে নেমেছেন। এর মধ্যেই গতকাল রোববার গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে সরিয়ে ফেললে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।
রেলস্টেশন ও পুলিশ সূত্র জানায়, আজ সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সালটিয়া মাঠখোলা এলাকায় তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। ওই স্থানে রেললাইনের প্রায় ২০ ফুট অংশের নাট খুলে ফেলা হয়েছিল। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
গফরগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ‘মনোনয়ন নিয়ে যারা আন্দোলন করছে, তারা সাধারণত সকাল নয়টার পর মাঠে নামেন। কিন্তু ভোর রাতে কে বা কারা প্রায় ২০ ফুট রেললাইন খুলে ফেলেছে। আমরা ঘটনাস্থলে আছি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর রেললাইন মেরামত করে আবার ট্রেন চলাচল চালু করা হবে।’
দলীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে এই আসনের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করে বিএনপি। এ আসন থেকে আরও পাঁচ নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে প্রচারণায় ছিলেন। তাঁরা হলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, এ বি সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমান, আল ফাত্তাহ ও মোফাখখারুল ইসলাম।
শনিবার মনোনয়ন ঘোষণার পরপরই মনোনয়নবঞ্চিত প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে দলীয় প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এবং রোববার দিনভর বিক্ষোভ চলে। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। টানা দুই দিন ধরে সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, ‘রেললাইনের একটি অংশের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। দুই দিন ধরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আজ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Comments
Comments