নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
![]() |
| ঢাকার মহানগর দায়রা জজ আদালত | ফাইল ছবি |
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আজ মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতের সহকারী রিয়াজ হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নগদ লিমিটেডের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শেখ রাসেল। শুনানিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোস্তফা সারোয়ার মুরাদ অংশ নেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, নগদ লিমিটেড নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু করেছে এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের ব্যাংক হিসাব ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং কিছু অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ারের মূল্য অপেক্ষাকৃত কম মূল্যে হস্তান্তর করা হয়েছে, যা দিয়েও অর্থ বিদেশে পাঠানো হতে পারে।
আবেদনে আরও বলা হয়েছে, এগুলো মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১৫ সালের সংশোধনীসহ)–এর ২ (শ) (৫) ও ২ (শ) (১৪) ধারার অধীনে প্রতারণা এবং দেশি-বিদেশি মুদ্রা পাচারের অপরাধ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালত ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর বন্ধ রাখার জন্য এগুলো স্থায়ীভাবে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
এর আগে, গত ২ সেপ্টেম্বর তানভীর আহমেদ, তাঁর পরিবারের সদস্য এবং নগদের সাবেক কর্মকর্তাসহ মোট ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল।

Comments
Comments