[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফরিদপুর-১: পাল্টাপাল্টি সমাবেশে প্রশাসনের ১৪৪ ধারা জারি

প্রকাশঃ
অ+ অ-
১৪৪ ধারা | প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষ একই সময়ে ও একই স্থানে সমাবেশ ডাকার ঘোষণা দেয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল এ বিষয়ে নির্দেশনা দেন। পরে ‘ইউএনও আলফাডাঙ্গা’ নামে উপজেলা প্রশাসনের দাপ্তরিক ফেসবুক পেজে আদেশটি প্রচার করা হয়।

রাসেল ইকবাল বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমাল নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির দলীয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি শনিবার বেলা ৩টায় আলফাডাঙ্গা পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয়ে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

অন্যদিকে, একই দিন, একই সময় এবং একই স্থানে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আরেকটি পক্ষও সমাবেশ আহ্বান করেছে। এই কর্মসূচি উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে এবং ৭ নভেম্বর বিপ্লবী সংহতি দিবসে বোয়ালমারীতে দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন ফরিদপুর-১ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ওরফে ঝুনুর।

এই পরিস্থিতিতে প্রশাসন শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখার নির্দেশ দিয়েছে।

খন্দকার নাসিরুল ইসলামের অনুসারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন, ‘এক সপ্তাহ আগে আমরা বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। হঠাৎ দেখলাম ঝুনুর (শামসুদ্দিন মিয়া) সমর্থকেরা প্রতিবাদ সমাবেশের জন্য মাইকিং করছেন। দুই পক্ষের সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। এই বিষয়ে জেলা কমিটির সঙ্গে কথা বলে জানানো হবে।’

শামসুদ্দিন মিয়া-সমর্থিত আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন বলেন, ‘উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে এবং ৭ নভেম্বরের সহিংসতায় যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ডাকা হয়েছিল। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। তবে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা) আসনে দল এখনও প্রার্থী ঘোষণা করেনি। এখানে দলীয় মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া বিভিন্ন সময় এলাকায় সভা-সমাবেশ করেছেন। দুই পক্ষের মধ্যে ইতিমধ্যেই একাধিকবার সহিংসতার ঘটনা ঘটেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন