জ্বালানি তেলের দাম বাড়ল
| জ্বালানি তেল | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
দেশের বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ডিসেম্বর মাসে প্রতি লিটার জ্বালানি তেলের দাম বেড়েছে ২ টাকা।
আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ থেকে বাড়িয়ে ১০৪ টাকা করা হয়েছে। পেট্রলের দাম ১১৮ থেকে বাড়িয়ে ১২০ টাকা, অকটেনের দাম ১২২ থেকে বাড়িয়ে ১২৪ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ থেকে বাড়িয়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। গত বছরের মার্চ থেকে সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারণ করছে। সে অনুযায়ী প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। নির্দেশিকায় বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত পরিবহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার ভিত্তিতে বিলাসপণ্য হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।
জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম সমন্বয়ের প্রস্তাব বিইআরসির কাছে আছে। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
Comments
Comments