[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সরকারি মাধ্যমিক শিক্ষকেরা সোমবার থেকে কর্মবিরতিতে, বার্ষিক পরীক্ষা বন্ধ থাকবে

প্রকাশঃ
অ+ অ-

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রবেশ পদসহ সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করা সহ চার দফা দাবিতে আগামীকাল সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। কর্মবিরতির অংশ হিসেবে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ থাকবে। ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমিতির একজন শিক্ষক নেতা জানিয়েছেন, সরকার যদি তাদের দাবি মেনে নেয়, তাহলে তারা সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে।

মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো—এক. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এর গেজেট প্রকাশ। দুই. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা। তিন. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া। চার. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন–সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দফা দাবির বিষয়ে আজ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে দাবিগুলো মেনে না নেওয়ায় আগামীকাল থেকে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন