অ্যাথলেট রুমকি এখন গোলরক্ষক কোচ
![]() |
| উম্মে হাফসা রুমকী | ছবি: বাফুফে |
অ্যাথলেট উম্মে হাফসা রুমকী আবার ফুটবলের মাঠে ফিরছেন। তিনি আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের গোলকিপার কোচ হিসেবে যোগ দেবেন।
উম্মে হাফসা আগে নিজেই ফুটবল খেলতেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে চীন, জাপান ও কোরিয়ার সফরে প্রীতি ম্যাচ খেলেছেন। কুমিল্লা ইউনাইটেড ও জামালপুর কাচারিপাড়ার হয়ে দুটি লিগে অংশ নিয়েছেন। গত বছর লিগে তিনি জামালপুর কাচারিপাড়ার সহকারী কোচ ছিলেন।
২০১৭ সালে অ্যাথলেটিকসে যোগ দেন উম্মে হাফসা। আট বছর ধরে হাইজাম্পে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। জাতীয় প্রতিযোগিতায় হাইজাম্পে পাঁচটি সোনা জিতেছেন, যার তিনটি জাতীয় রেকর্ড। সর্বোচ্চ ১.৭৪ মিটার লাফ দিয়েছেন। বর্তমানে এই রেকর্ডধারী রিতু আক্তার ১.৭৬ মিটার লাফ দিয়েছেন।
সিরাজগঞ্জের এই ক্রীড়াবিদ কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেবার পর তিনি বাংলাদেশ নৌবাহিনীর চুক্তিভিত্তিক চাকরি ছাড়েন।
নৌবাহিনীতে কোচ হিসেবে যোগ দেওয়ার প্রস্তাবও পেয়েছিলেন। তবে তিনি বেছে নেন বাফুফের চাকরি। উম্মে হাফসা বলেন, ‘ফুটবলে ফেরার অপেক্ষা শেষ, এখন কাজে নামার পালা। শুক্রবার চট্টগ্রামে মেয়েদের ক্যাম্পে যোগ দিতে বিমানে যাচ্ছি। আমি মেয়েদের গোলকিপিং কোচ হিসেবে কাজ শুরু করব। ক্যাম্প চলছে পিটার বাটলারের নেতৃত্বে।’
উম্মে হাফসা বিভিন্ন কোচিং কোর্স শেষ করেছেন, তার মধ্যে একটি গোলকিপার কোচিং কোর্স। তিনি শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানে পড়ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তার আশা, ফুটবলের কোচ হিসেবেও সফল হবেন।

Comments
Comments