[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারেক রহমানের বক্তব্য নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে মামলার আবেদন

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’র অভিযোগে শাহিন মাহমুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে মামলাটি আবেদন করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ হতে পারে।

মামলার আবেদনের অভিযোগে বলা হয়েছে, এ বছরের ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশের ভার্চ্যুয়াল বক্তব্যে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

শাহিন মাহমুদ ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানের উদ্দেশে পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।’

অভিযোগে বলা হয়েছে, আসামি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রয়াস চালিয়েছেন। তিনি উদ্দেশ্যেমূলকভাবে তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরব কলুষিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, আসামির দাবি করা ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি। এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ফলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অপরাধ হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন