[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সন্দেহ হলে আমিনবাজারে তল্লাশি করা হচ্ছে যাত্রীদের ব্যাগ ও মুঠোফোন

প্রকাশঃ
অ+ অ-
ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে বাসের এক যাত্রীর মুঠোফোনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকাল বৃহস্পতিবার ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মসূচি সামনে রেখে সাভারের ঢাকা–আরিচা ও নবীনগর–চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক হলে যাত্রীদের মুঠোফোন ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল ও নিষিদ্ধ ছাত্রসংগঠন একটি কর্মসূচি দিয়েছে। এতে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত যাতে না হয়, সেই লক্ষ্যে সাভারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তল্লাশি-পোস্ট এবং টহল বাড়ানো হয়েছে। সাদাপোশাকে থাকা পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ১০টির বেশি স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

আজ বুধবার সকাল থেকেই ঢাকার প্রবেশপথ আমিনবাজারে তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিকেলের দিকে তল্লাশি আরো জোরদার করা হয়। ঢাকা–আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে বসানো এই তল্লাশিচৌকিতে ঢাকামুখী বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হচ্ছে। সন্দেহ হলে যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এবং তাদের ব্যাগ ও মুঠোফোনও চেক করা হচ্ছে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘জনগণের জীবন ও সম্পদ রক্ষার জন্য আমরা কাজ করছি। কেউ যাতে অনাকাঙ্ক্ষিতভাবে নাশকতা করতে না পারে, সেজন্য চেকপোস্ট থেকে তল্লাশি জোরদার করা হচ্ছে।’

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘মোবাইল ও ব্যাগ চেক করে আমরা দেখার চেষ্টা করি, নাশকতার কোনো উপকরণ তাদের কাছে আছে কি না।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন