মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
![]() |
| লাশ | প্রতীকী ছবি |
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনা ঘটে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
নিহত যুবকের নাম জয় সরকার, বয়স ২৮। তিনি চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের ছেলে। জয়ের মৃত্যু এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য ও পূর্ববিরোধের জেরে চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের পরিবারের সঙ্গে মো. হাসান ওরফে বেকু হাসান, নান্নু ও লালুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর কারণে কয়েক দফায় হামলার শিকার হয়েছেন জামাল সরকারের পরিবারের সদস্যরা। দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে।
গতকাল রাত আটটার দিকে হাসানের নেতৃত্বে কয়েকজন জয় সরকারের ওপর হামলা চালায়। হামলাকারীরা দা দিয়ে জয়কে কুপিয়ে গুরুতর জখম করেন। জয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নূরে আলম জিকু বলেন, ‘গতকাল রাত নয়টার দিকে জয় হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।’
নিহত জয়ের বাবা জামাল সরকার বলেন, ‘তিন বছর আগে হাসান-লালুরা আমার পা ভেঙে দিয়েছিল। চলতি বছরের ১১ মে হাসানের নেতৃত্বে ৩০–৪০ জন আমাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবরও আমাদের গ্রামের বাউলগানের আসরে হামলা চালানো হয়। তখন আমাদের পক্ষের একজনের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি বিচার চাই।’
এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘যতদূর জানা গেছে, পূর্ববিরোধের জেরে জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নৌডাকাত নয়ন-পিয়াসসহ লালু ও হাসান জড়িত। খুনিরা নয়ন-পিয়াস বাহিনীর সদস্য এবং তাদের হাতে সব ধরনের অস্ত্র রয়েছে। তাদের গ্রেপ্তারে যৌথ অভিযান চালানো হবে।’

Comments
Comments