[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাজেক–বাঘাইহাট সড়ক তলিয়ে যানবাহন চলাচল বন্ধ, পাঁচ শতাধিক পর্যটক আটকে ছিলেন ৫ ঘণ্টা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাঙামাটি

সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং বাজার এলাকায় বাঁশের ভেলায় করে পর্যটকদের পারপার করা হচ্ছে। আজ দুপুরে | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজার এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে অন্তত পাঁচ শতাধিক পর্যটক পাঁচ ঘণ্টা আটকে ছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ সড়কের ওই অংশে পাহাড়ি ঢলের পানি উঠে গেলে সাজেক–বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কাচালং ও মাচালং নদের পানি হঠাৎ বেড়ে যায়। এতে মাচালং বাজার অংশে সড়ক পাঁচ থেকে আট ফুট পানিতে তলিয়ে যায়। ঠিক এমন সময় বাঘাইহাট থেকে তিন শতাধিক ও সাজেক থেকে দুই শতাধিক পর্যটক ওই এলাকায় পৌঁছান।

সড়ক ডুবে যাওয়ায় দুই দিক থেকে আসা পর্যটকেরা আটকে পড়েন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ইঞ্জিনচালিত নৌকা ও বাঁশের ভেলায় তাঁদের পারাপার করা হয়। এ সময় বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা মাচালং এলাকায় আটকে ছিলেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সেনাবাহিনী ও প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হয়। সবাই নিরাপদে চলে গেছেন।

সাজেক ভ্যালির রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মণ বলেন, হঠাৎ সড়কটি ডুবে যাওয়ায় দুই দিক থেকে আসা পর্যটকেরা বিষয়টি জানতেন না। পরে তাঁরা বেশ কয়েক ঘণ্টা মাচালং বাজার এলাকায় আটকে থাকেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, আটকে পড়া পর্যটকদের বাঁশের ভেলা ও নৌকায় পার করা হয়। বর্তমানে তাঁরা নিরাপদে আছেন। তবে সড়কে এখনো পানি থাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন