চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
![]() |
| গ্রেপ্তার পুলিশ সদস্য মনিরুল ইসলাম | ছবি: সংগৃহীত |
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ মনিরুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়া এলাকায় ওই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মনিরুল কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। তিনি পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) সদস্য এবং সিএমপির কোতোয়ালি জোনে কর্মরত। অভিযানে তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
লোহাগাড়া থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার মনিরুল বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments
Comments