[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চুক্তি মেনে ২৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

প্রকাশঃ
অ+ অ-

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন এক ফিলিস্তিনি নারী। তাঁর গালে চুমু দিয়ে বরণ করে নিচ্ছেন এক স্বজন। পশ্চিম তীর, ২৪ নভেম্বর | ছবি: রয়টার্স

পদ্মা ট্রিবিউন ডেস্ক: চার দিনের যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৪ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে হামাস। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ইসরায়েলের নাগরিক ১৩ জন, থাইল্যান্ডের ১০ নাগরিক ও ফিলিপাইনের একজন। এ ছাড়া চুক্তি অনুযায়ী আজ শুক্রবার ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হতে পারে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ইসরায়েলের সংবাদমাধ্যম ও হামাসের সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় হামাস শুক্রবার সন্ধ্যার দিকে ১৩ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে। তারা বর্তমানে রাফাহ সীমান্ত হয়ে মিসরের পথে রয়েছেন বলেও জানানো হয়েছে।

এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এক্স-এ (সাবেক টুইটার) বলেছেন, ‘প্রতিরক্ষা বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে ১০ থাই জিম্মির মুক্তির ব্যাপারে নিশ্চিত হয়েছি।’

যুদ্ধবিরতি চুক্তির আওতায় শুক্রবার ২৪ জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি হামাস সূত্র থেকেও নিশ্চিত হওয়া গেছে। হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন দুটি সূত্র জানিয়েছে, শুক্রবার হামাস কিছু জিম্মিকে রেডক্রসের (আন্তর্জাতিক দাতব্য সংস্থা) কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে। রাফাহ সীমান্ত হয়ে এসব মানুষ প্রথমে মিসর যাবেন, সেখান থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে আজ ছেড়ে দেওয়া হবে বলে ইসরায়েলি সূত্রে জানা গেছে। যেকোনো সময় তাঁদের ছাড়া হতে পারে।

স্থানীয় সময় শুক্রবার সকালে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী এ যুদ্ধবিরতি থাকবে চার দিন। চুক্তির শর্তে ছিল, এই চার দিন সময়ের মধ্যে হামাস অন্তত ৫০ জন জিম্মিকে ছেড়ে দেবে এবং ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন