মাস্তানতুয়োনোকে ধারে পাঠাল রিয়াল মাদ্রিদ
গত বছর তাঁকে দলে ভেড়ানোর সময়ই বোঝা গিয়েছিল, রিয়াল মাদ্রিদে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ঘিরে প্রত্যাশা কতটা। রিভারপ্লেট থেকে সাড়ে চার কোটি ইউরোতে ১৮ বছর বয়সী আর্জেন্টাইনকে দলে নিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। তাঁকে দেখা হচ্ছিল দলটির মাঝমাঠের ভবিষ্যৎ স্তম্ভ হিসেবে। কিন্তু প্রথম মৌসুম শেষেই সেই মাস্তানতুয়োনো এখন রিয়ালছাড়া। নিয়মিত খেলার সুযোগ করে দিতে তাঁকে পাঠিয়ে দিয়েছে রিয়াল।
মাস্তানতুয়োনোর নতুন ঠিকানা ইতালির ফিওরেন্তিনা। ক্লাবটি আজ জানিয়েছে, আগামী মৌসুমের জন্য আর্জেন্টাইন মিডফিল্ডারকে ধারে নিয়েছে তারা। চুক্তিতে তাঁকে কেনার কোনো সুযোগ বা বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপাতত তাঁকে রিয়ালের খেলোয়াড় হিসেবেই রেখে দেওয়া হচ্ছে।
মাস্তানতুয়োনোকে নিয়ে রিয়ালের প্রত্যাশা তৈরি হয়েছিল তাঁর মাদ্রিদে আসার অনেক আগেই। মাত্র ১৬ বছর বয়সে রিভারপ্লেটের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর। আর্জেন্টিনার ক্লাবটির হয়ে ৬৪ ম্যাচে করেছেন ১০ গোল। বয়সের তুলনায় পরিণত পারফরম্যান্স তাঁকে দ্রুতই বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলারদের একজন করে তোলে।
আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ড গড়েছেন তিনি। ১৭ বছর ২৯৬ দিন বয়সে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক করে দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে সিনিয়র দলে খেলা ফুটবলার হয়েছেন মাস্তানতুয়োনো। লিওনেল স্কালোনির অধীনে অভিষেকের সময় তিনি পেছনে ফেলেছেন এক শতাব্দীর বেশি সময় ধরে টিকে থাকা আদলফো হেইসিঙ্গারের রেকর্ড।
এই সবকিছুর পর রিয়ালে তাঁর প্রথম মৌসুমের দিকে নজর ছিল স্বাভাবিকভাবেই বেশি। কিন্তু তারকাঠাসা দলে নিয়মিত একাদশে জায়গা করে নেওয়া সহজ হয়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ খেললেও শুরুর একাদশে জায়গা পেয়েছেন কমই।
সংখ্যার হিসাবে মৌসুমটি একেবারে নিষ্ফলা ছিল না। বরং ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক মৌসুমে ৩৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা কম নয়। কিন্তু রিয়াল যে প্রত্যাশা নিয়ে তাঁকে পাঁচ কোটি মার্কিন ডলারের রিলিজ ক্লজে ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ করিয়েছিল, সেই প্রত্যাশার সঙ্গে তাঁর ভূমিকার একটা দূরত্ব থেকেই গেছে। বিশেষ করে তারকাসমৃদ্ধ স্কোয়াডে নিয়মিত খেলার সুযোগ পাওয়া তাঁর জন্য কঠিন হয়ে উঠেছিল।
সেই জায়গা থেকেই এবার সিরি ‘আ’তে যাচ্ছেন তিনি। অবশ্য গত জানুয়ারিতেই নাপোলি তাঁকে ধারে নিতে চেয়েছিল। কিন্তু রাজি হননি মাস্তানতুয়োনোই। এবার যাচ্ছেন একই লিগের অন্য দল ফিওরেন্তিনায়।
How did this article make you feel?