বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
আবার কেউ ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়ে কাটিয়ে দিয়েছেন পাঁচ বছর। কিন্তু নতুন পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি
১০ বছর আগে যুবদলের বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও উত্তর শাখার কমিটি গঠন করা হয়। কোনোটি আহ্বায়ক কমিটি, কোনোটি আংশিক কমিটি। কিন্তু সেই পুরোনো নেতৃত্বেই আটকে আছে নতুন নেতৃত্ব উঠে আসার পথ। এরই মধ্যে এসব কমিটির কেউ বহিষ্কৃত হয়ে আবার স্বপদে ফিরেছেন, কেউ মারা গেছেন। আবার কেউ ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়ে কাটিয়ে দিয়েছেন পাঁচ বছর। কিন্তু নতুন পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি।
দীর্ঘ ১০ বছরেও নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার। এ উপলক্ষে পৃথকভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২০১৬ সালের শেষের দিকে মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়। এরপর নিষ্ক্রিয়তার কারণে ২০২৩ সালে কমিটির সভাপতি আক্তারুজ্জামান শামীমকে অব্যাহতি দেওয়া হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনও বহিষ্কৃত হন। পাঁচ বছর পর মামুন স্বপদে ফেরেন। এই সময়ে নতুন কোনো কমিটি না হওয়ায় মহানগর যুবদলে এখন মামুনের একচ্ছত্র আধিপত্য, এমনটাই জানান নেতা-কর্মীরা।
জানতে চাইলে মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম জাহান বলেন, ‘১০ বছর ধরে মহানগর যুবদল একই কমিটি দিয়ে চলছে। এই সময়ে নতুন নেতৃত্ব আনা উচিত ছিল।’
সংগঠনের নেতা-কর্মীরা জানান, বর্তমানে ৩ নম্বর সহসভাপতি মাসুদুর রহমান রাঢ়ীকে সভাপতি এবং মাসুদ হাসান মামুনকে সাধারণ সম্পাদক রেখেই ১০ বছর আগের নেতাদের নিয়ে জোড়াতালি দিয়ে সংগঠনটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
এ বিষয়ে জানতে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের মুঠোফোনে কল করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরে তাঁকে আবার কল করা হলেও সাড়া দেননি।
২০১৭ সালের এপ্রিলে পারভেজ আকন বিপ্লবকে সভাপতি এবং এইচ এম তসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা দক্ষিণ যুবদলের কমিটি গঠন করা হয়। তবে পারভেজ আকন বিপ্লব ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি মারা যান। এরপর থেকে মাসুদ রেজা খানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনকে নিয়ে জেলা দক্ষিণের সাংগঠনিক কার্যক্রম চলছে। ৯ বছরেও নতুন কোনো নেতৃত্ব আসেনি। যদিও এই সময়ে তসলিম উদ্দিন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, বিভাগীয় সহসভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘এভাবে তো সংগঠন চলতে পারে না। নতুন নেতৃত্ব আসা দরকার।’
জানতে চাইলে জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন বলেন, ‘অস্থিতিশীল অবস্থার কারণে নতুন কমিটি করা সম্ভব হয়নি। নতুন কমিটি গঠন দ্বারপ্রান্তে রয়েছে। বিএনপিতে স্থান না পেলে আমি যুবদলের সভাপতি প্রার্থী হব।’
২০১৬ সালে গঠিত উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান এবং সদস্যসচিব ছিলেন সালাউদ্দিন পিপলু জমাদ্দার। তবে নানা অভিযোগে ২০২০ সালে এ কমিটি ভেঙে দেওয়া হয়। পরবর্তী সময়ে পিপলুকে আবার আহ্বায়ক করা হয়। বর্তমানে উত্তরের সদস্যসচিব হিসেবে রয়েছেন গোলাম মোর্শেদ মাসুদ।
উত্তর জেলা যুবদলের সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ বলেন, ‘২০১৬ সালে গঠিত আহ্বায়ক কমিটি ২০২১ সালে ভেঙে দেওয়া হয়। ওই বছর আবার আহ্বায়ক কমিটি গঠন হয়। পাঁচ বছর তেমন বেশি সময় নয়।’
এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুবেল বলেন, ‘নতুন-পুরোনোর সমন্বয়ে হয়তো বরিশাল যুবদলের নেতৃত্ব গঠন করা হবে। তবে স্থানীয় নেতাদের কাছে কেন্দ্রীয় নেতারা জিম্মি, এ কথা সত্য নয়।’