পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

দেশে-বিদেশে সোনার দাম কেন দ্রুত কমছে

বিশেষ করে যাঁরা গত এক বছরে বেশি দামে সোনার অলংকার কিনেছেন, তাঁদের জন্য বিষয়টি উদ্বেগের।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
সোনার দাম কমেছে
সোনার দাম কমেছে

সোনার দাম টানা কমছে। এত দ্রুত কমছে যে অনেকেই হিসাব করছেন, এবার হয়তো সোনার অলংকার কেনা যাবে। তবে এর উল্টো দিকও আছে। দাম কমে যাওয়ায় অনেকে লোকসানের হিসাবও করছেন। বিশেষ করে যাঁরা গত এক বছরে বেশি দামে সোনার অলংকার কিনেছেন, তাঁদের জন্য বিষয়টি উদ্বেগের।


দেশের বাজারে চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।


এদিকে দেশের বাজারে সোনার দাম কমার কারণ বিশ্ববাজারে এই মূল্যবান ধাতুর দরপতন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের তাৎক্ষণিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়ায় ৩ হাজার ৫৭০ ডলারে। গত বছরের সেপ্টেম্বরের পর সোনার দাম আর কখনো এতটা কমেনি। অর্থাৎ ১৪ মাসের মধ্যে সোনার দাম এখন সর্বনিম্ন পর্যায়ে।


বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।


অবশ্য প্রতি আউন্স সোনার দাম হঠাৎ সাড়ে তিন হাজার ডলারের ঘরে নেমে আসেনি। গত জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকেই ধাতুটির দাম ধীরে ধীরে কমতে থাকে। চলতি মাসে সেই দরপতনের গতি আরও বেড়েছে।


ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের শক্তিশালী অবস্থান, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের মুদ্রানীতি আরও কঠোর হবে—এমন প্রত্যাশায় সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমে যাচ্ছে। ফলে সোনার দাম কমছে।


দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত ১১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে আটবার কমেছে এবং তিনবার বেড়েছে। গতকাল সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমেছে। রুপার দামও ভরিতে কমেছে ৩৫০ টাকা।


নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।


১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।


দেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোনার ভরি ছিল ১৭০ টাকা। গত জানুয়ারি পর্যন্ত এই দাম বেড়েছিল ১ হাজার ৬৮২ গুণ। তখন দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল—প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা।


বাজুসের তথ্যানুযায়ী, ২০০০ সালে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৬ হাজার ৯০০ টাকা। পরের পাঁচ বছরে তা বেড়ে দ্বিগুণ হয়। ২০১০ সালে সোনার দাম বেড়ে হয় ৪২ হাজার ১৬৫ টাকা। ২০১৫ সাল পর্যন্ত দাম খুব একটা না বাড়লেও পরের পাঁচ বছরে ভরিতে বেড়ে যায় ২৬ হাজার ৮৫২ টাকা।


করোনার পর সোনার দাম দ্রুত বাড়তে থাকে। ২০২৩ সালের ২১ জুলাই এক ভরি সোনার দাম এক লাখ টাকায় ওঠে। গত বছরের অক্টোবরে তা দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। এরপর গত জানুয়ারিতে দাম তিন লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়। সোনার এই উচ্চমূল্যের কারণে গয়নার ব্যবসায় মন্দাভাব দেখা দেয়। তবে দাম কমতে থাকায় গয়না ব্যবসায়ীরা আশা করছেন, ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে।


জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, বিশ্ববাজারে অনেক দিন ধরেই সোনার দাম অতিমূল্যায়িত। প্রতি আউন্স সোনা খনি থেকে তুলতে খরচ হয় ২ হাজার ২০০ ডলার। এক হাজার ডলার মুনাফা ধরলে দাম ৩ হাজার ২০০ ডলার হওয়া উচিত। এখন মূলত সোনার দামের সংশোধন হচ্ছে। যেহেতু বিশ্ববাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমেছে, তাই দাম আবার বাড়তে সময় লাগবে।


অন্য এক প্রশ্নের জবাবে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, সামনে বিয়ের মৌসুম। অনেক দিন ধরেই সোনার দাম বেশি ছিল। এখন দাম কমে আসায় সোনার অলংকারের বেচাকেনা বাড়বে বলে তিনি আশা করছেন।

বাণিজ্য থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.