পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

আমি নিজেও ছাত্রদল করেছি, তবে তথ্য-প্রমাণ ছাড়া অভিযোগ নয়: কুমিল্লার এসপি আনিসুজ্জামান

‘জাতীয় জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুমিল্লার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই ঘটনা ঘটে।

প্রতিনিধি কুমিল্লা
আলোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান
আলোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান | ছবি : ভিডিও থেকে সংগৃহীত

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক এক নেতার সঙ্গে জেলা পুলিশ সুপারের (এসপি) বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এসপি নিজেকে ‘ছাত্রদল করে আসা লোক’ হিসেবে উল্লেখ করেন। এ সময় ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।’


বৃহস্পতিবার ‘জাতীয় জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কুমিল্লার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই ঘটনা ঘটে।


সভায় বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কুমিল্লায় আসার পর ফ্যাসিস্টরা এখানে চলে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।’


এই বক্তব্যের জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘এটা পলিটিকসের মঞ্চ না। একটি বাহিনী সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে এসেছি। আপনি যখন কোনো সভায় কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন।’


এ পর্যায়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম আবারও মাইক নিয়ে বলেন, ‘আমরা যখন আপনাদের তথ্য দিই, তখন তো আপনারা গ্রেপ্তার করেন না।’


তখন পুলিশ সুপার বলেন, ‘আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বলছেন।’


পুলিশ সুপার আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। এখনো তো পুলিশে ফ্যাসিস্টের লোকজন আছেই। গত ১৭ বছর বিভিন্ন বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে। একটি বাচ্চার খেতে শিখতেও ৯ থেকে ১০ মাস সময় লাগে।’


বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে এসপি আনিসুজ্জামান বলেন, ‘দেশে বিচার হচ্ছে। ইতিমধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করুন। আমি নিজেই ঢাকায় অনেকের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়ে এসেছি।’


আলোচনা সভায় কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.