পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মাহফিলে চার কমলা বিক্রি হলো ৫০ হাজার টাকায়

নিলামের একপর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৫০ হাজার টাকা দিয়ে চারটি কমলা কেনেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন

প্রতিনিধি মৌলভীবাজার
মাহফিলে কমলা বিক্রি করলেন প্রধান বক্তা
মাহফিলে কমলা বিক্রি করলেন প্রধান বক্তা | ছবি: পদ্মা ট্রিবিউন

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে চারটি কমলা নিলামে তুলেছেন বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। নিলামে চারটি কমলা ৫০ হাজার টাকায় কিনেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।


ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার ওয়াজ মাহফিলে।


জানা যায়, বুধবার রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলেন প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। এ সময় ফেসবুকে পুরো ওয়াজসহ নিলামপর্ব সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। নিলামের একপর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৫০ হাজার টাকা দিয়ে চারটি কমলা কেনেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।


ওয়াজ ও দোয়া মাহফিলে অংশ নেওয়া শ্রোতারা বলেন, মাহফিল শেষে দোয়ার আগে কমলাগুলো নিলামে তোলা হয়। পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকায় বিক্রি হয়। নিলামে অংশ নেওয়া সবার উদ্দেশ্য ছিল ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা। এসব ধর্মীয় প্রতিষ্ঠান সাধারণ মানুষের সহযোগিতায় পরিচালিত হয়।


নিলামে কমলা কিনে নেওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ‘আমার বাবা ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে কমলাগুলো কিনেছেন। এ ছাড়া বছরে ৩৬ হাজার টাকা দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য সব সময় পাশে থাকেন।’


মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন বলেন, ‘মাদ্রাসার সহযোগিতার কথা চিন্তা করে বিগত কয়েক বছর ধরে ওয়াজ-মাহফিলে বিভিন্ন ফল নিলাম করা হয়। এবার চারটি কমলা নিলামে তোলা হলে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। এ ছাড়া আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। মূলত এই ফলগুলো এত দামে বিক্রি হওয়ার কারণ হলো মাদ্রাসায় সহযোগিতা করা। যাঁরা ফল কিনেছেন, তাঁরা আমাদের শুভাকাঙ্ক্ষী।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.