পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মুক্তিযুদ্ধ জাদুঘরের সব কার্যক্রম বন্ধ আজ

জাদুঘরের ট্রাস্টিরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে উদ্বোধনী আয়োজন স্থগিত করা হয়

নিজস্ব প্রতিবেদক ঢাকা
মুক্তিযুদ্ধ জাদুঘর
মুক্তিযুদ্ধ জাদুঘর | ছবি: পদ্মা ট্রিবিউন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী সোমবার থেকে যথারীতি জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাদুঘরের সব কার্যক্রম বন্ধ রাখা হলেও সাধারণ ছুটির কারণে রোববারের পরিবর্তে আগামীকাল রোববার দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করতে পারবেন।


এদিকে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে গত ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ‘স্বাধীনতাসংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। গত মঙ্গলবার বিকেল চারটায় এর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। জাদুঘরের ট্রাস্টিরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে উদ্বোধনী আয়োজন স্থগিত করা হয়।


এ বিষয়ে জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তাজনিত কারণে প্রদর্শনীটি বন্ধ রাখার পরামর্শ দেয়। তাদের পরামর্শেই উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়। শেষ মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত তাদের কাছে অপ্রত্যাশিত ছিল।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, অনুমতি ছাড়াই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছিল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পুলিশের সহায়তা চাওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখভাল করে। পরে জাদুঘর কর্তৃপক্ষই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেয়।


প্রদর্শনী সম্পর্কে ট্রাস্টি মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব ও মুক্তিযুদ্ধকালীন জাতীয় চার নেতার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। এটি কেবল জেলহত্যার স্মরণে কোনো অনুষ্ঠান ছিল না।


উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.