পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

এ সময় ব্যানারটিও জব্দ করা হয়েছে

প্রতিনিধি মানিকগঞ্জ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নামসংবলিত ব্যানারটি জব্দ করেছে পুলিশ। আজ সোমবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চবিদ্যালয়ে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নামসংবলিত ব্যানারটি জব্দ করেছে পুলিশ। আজ সোমবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চবিদ্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিশ্ব শিক্ষক দিবসের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নাম থাকায় মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তিল্লী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ব্যানারটিও জব্দ করা হয়েছে।


গ্রেপ্তার শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার (৪৮) বাড়ি পাশের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের আগ-কলিয়া গ্রামে। পাশের ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ইদ্রিস আলী জানান, আবুল হাশেম কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে আছেন। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।


সাটুরিয়া থানা-পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শিক্ষক দিবসের শোভাযাত্রায় ব্যবহৃত ব্যানারে একপাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখাসংবলিত একটি লোগো ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া পুলিশি হেফাজতে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোরহাব হোসেন বলেন, ঘটনাটি অনভিপ্রেত। প্রধান শিক্ষক নিজেই ব্যানার তৈরি করে নিয়ে আসেন। কিন্তু ব্যানারটির এক পাশে ছোট লোগোতে যা লেখা ছিল, তা কেউ খেয়াল করেননি।


সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.