পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও
Home / বাংলাদেশ / ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনের মামলা
বাংলাদেশ

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনের মামলা

প্রতিনিধি ঝিনাইদহ

প্রতিনিধি ঝিনাইদহ

1 min · 0 words · 35
ঝিনাইদহ শহরে ছাত্রলীগের মিছিল। গতকাল সোমবার ভোরে শহরের পায়রা চত্বরে। ছবি : ভিডিও থেকে নেওয়া
ঝিনাইদহ শহরে ছাত্রলীগের মিছিল। গতকাল সোমবার ভোরে শহরের পায়রা চত্বরে। ছবি : ভিডিও থেকে নেওয়া
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোরে শহরের পায়রা চত্বরে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘যেখান থেকে থেমে ছিলাম, সেখান থেকে আবার এগিয়ে চলা।’

১ মিনিট ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ভোরে পায়রা চত্বর এলাকায় একটি ব্যানার নিয়ে মিছিল শুরু হয়। মিছিলের সামনের সারিতে ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান। তাঁর সঙ্গে অর্ধশতাধিক নেতা-কর্মী এতে অংশ নেন। মিছিলটি পায়রা চত্বর থেকে শুরু হয়ে সরকারি কেসি কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা ‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইব্যুনাল বন্ধ কর’, ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’, ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, মানব না’ প্রভৃতি স্লোগান দেন।

এই ঘটনায় গতকাল ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল রাতেই অভিযান চালিয়ে জেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান সোহেল (৩৫), ছাত্রলীগ কর্মী নীলয় ফারহান (২০) ও আশিককে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। দুজন এজাহারনামীয় ও একজন অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
Share: Twitter Facebook

How did this article make you feel?

Related Articles

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.