পাঁচবিবি সীমান্তে বিজিবির টহল জোরদার, পুশ ইন ঠেকাতে মাইকিং
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সম্ভাব্য পুশ ইন ঠেকাতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের মাইকিং করে সতর্ক করা হয়েছে। বিজিবি জানিয়েছে, এসব পদক্ষেপের কারণে এখন পর্যন্ত পাঁচবিবি সীমান্তে পুশ ইনের কোনো ঘটনা ঘটেনি।
সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের পর থেকে ভারতের অভ্যন্তরে সীমান্তঘেঁষা এলাকায় নারী-পুরুষের চলাচল বেড়েছে। দূর থেকে কোথাও কোথাও তাঁদের জড়ো হতে দেখা গেছে। রাতের বেলায় হঠাৎ বিভিন্ন স্থানে আলো নিভিয়ে দেওয়ার ঘটনাও নজরে আসছে। স্থানীয় ব্যক্তিদের দাবি, সীমান্তে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার আগে বিএসএফ প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে থাকে।
এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিজিবি সীমান্ত-সংলগ্ন গ্রামগুলোয় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করছে। পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে তা দ্রুত বিজিবিকে জানাতে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও রাতের বেলায় পাহারা দেওয়া এবং সীমান্ত পরিস্থিতির বিষয়ে তথ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করছেন।
পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ঘোনাপাড়া সীমান্ত-সংলগ্ন শালুয়া গ্রামের বাসিন্দা অমল চন্দ্র বলেন, বিজিবি টহল আরও বাড়িয়েছে। মাইকিংয়ের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করে মানুষকে সতর্ক করা হয়েছে। বর্তমানে সীমান্তে বিজিবির তৎপরতা অনেক বেশি দেখা যাচ্ছে।
হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার আনিসুর রহমান বলেন, হাটখোলা ও কয়্যা বিওপির মধ্যবর্তী প্রায় দেড় কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। পুশ ইন, মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিটি বিওপিতে বিজিবির সদস্যসংখ্যা দ্বিগুণ করা হয়েছে। সকাল সাড়ে সাতটার আগে কেউ যেন সীমান্ত এলাকায় না যায়, সে জন্য মাইকিংয়ের পাশাপাশি মসজিদে মসজিদে প্রচারণা চালানো হচ্ছে।
বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী আজ শনিবার দুপুরে বলেন, ‘পাঁচবিবি সীমান্তে এখন পর্যন্ত কোনো পুশ ইনের ঘটনা ঘটেনি। তবে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। স্থানীয় লোকজনও বিভিন্নভাবে সহযোগিতা করছেন।’
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!