সিলেটে ফেরার পথে গাড়িতে হামলা, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আহত ২
এতে ভাঙা কাচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়
সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে হামলায় গাড়ির ভাঙা কাচে তিনিসহ দুজন আহত হন বলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে উল্লেখ করা হয়েছে।
তবে হামলার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, পুলিশ প্রহরায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের জৈন্তাপুর সীমানা পার করে দেওয়া হয়েছে। তখন কোনো হামলার ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য।
জৈন্তাপুরের সীমানার পর সিলেট মহানগরের শাহ পরান থানা এলাকা শুরু। এই থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তাঁর এলাকায় এ ধরনের হামলার তথ্য জানা নেই।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে রাত ১১টার দিকে একটি চলন্ত গাড়ির জানালার কাচ ভাঙচুরের ভিডিও সংযুক্ত করে বলা হয়, ‘আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাচ ভাঙচুর করে। এতে ভাঙা কাচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।’
যোগাযোগ করা হলে এনসিপি সিলেট জেলা শাখার সদস্যসচিব কামরুল আরিফ জানান, জৈন্তাপুর থেকে সিলেট শহরে ফেরার পথে রাত পৌনে ১১টার দিকে হামলার ঘটনা ঘটেছে। চলন্ত গাড়িতে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা এমনটি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। তাঁরা এই হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাঁরা সমাবেশ করে ফিরছিলেন। তিন থেকে চার মিনিট পর গাড়ি চলন্ত অবস্থায় অনেক বড় একটি শব্দ হয়। পরে তিনি হাতে আঘাত পাওয়ার বিষয়টি অনুভব করেন। তিনি বলেন, প্রথমে ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে তাঁর সঙ্গে যিনি ছিলেন তাঁকে লাগে এবং তিনি রক্তাক্ত হন।
হামলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারেক রহমানের উদ্দেশ্যে বলব, আপনি মস্ত বড় একটি ভুল করেছেন এবং এই ভুলের খেসারত দিতে হবে।’
এর আগে সিলেটের গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সিলেটে ফেরার পথে সারজিস আলমকে বহনকারী গাড়িতে দুই দফা হামলা হয়। এই হামলার ঘটনায় এনসিপির নেতারা ছাত্রদলকে অভিযুক্ত করেছেন। এরও আগে হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে।
How did this article make you feel?
Related Articles
সরকারকে ৫ বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম
Aug 01, 2026
2 shared tags
কোম্পানীগঞ্জের ওসিকে থানা থেকে প্রত্যাহার
Jul 10, 2026
2 shared tags
গঙ্গা চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে আলোচনায় জোর ভারতের সংসদীয় কমিটির
Jul 31, 2026
1 shared tag
মিরপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও ২
Jul 25, 2026
1 shared tag