দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় আকভান, আজ বৃষ্টির সম্ভাবনা কেমন
শনিবারও দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান নিম্নচাপ থেকে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। শনিবারও দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।
তবে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ কমে আসবে। রাজধানীতে রোদের দেখাও মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। রাজশাহী ও রংপুর বিভাগের মাঝামাঝি এলাকা, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গা এবং উপকূলীয় অঞ্চলে বৃষ্টি থাকতে পারে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ১০১ মিলিমিটার। গতকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল যশোরে, ১৩৩ মিলিমিটার। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল ২২ মিলিমিটার। এর আগের দিন বৃষ্টি হয়েছিল ১৯ মিলিমিটার।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম সকালে বলেন, ঘূর্ণিঝড়টি এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। এটি এখন সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে। এর ফলে দেশে বৃষ্টি অনেকটা কমে যেতে পারে।
গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ভারতের ওডিশা উপকূলের গোপালনগরে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় আকভান। তবে আঘাত হানার আগেই ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে পড়ে। এরপর সময় যত গড়িয়েছে, ঘূর্ণিঝড়টির শক্তি তত কমেছে।
নাজমুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীর আকাশ মেঘলা থাকলেও কখনো কখনো রোদের দেখা মিলতে পারে।